×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস 

২০২৬ নভেম্বর ২৬ ১৬:৫৪:৪১
আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে আয়োজকদের প্রত্যাশার বাইরে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। শেখ হাসিনার দেশে ফেরা কিংবা বর্তমান সরকারের সমালোচনার পরিবর্তে তাঁর বক্তব্যে উঠে এসেছে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান, নিহতদের আত্মত্যাগ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী বিজয়ের প্রসঙ্গ।

নিউইয়র্কে ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড সাসটেইনেবিলিটি’ (ICDHRS) আয়োজিত ‘বাংলাদেশ’স ফিউচার: ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড ইনক্লুসিভ পলিটিক্স’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারটির আয়োজক ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

অনুষ্ঠানের মঞ্চে হ্যারি কে টমাসের পাশে বসেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পেছনের পর্দায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেখ হাসিনা। আয়োজকদের পক্ষ থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার দেশে ফেরার দাবি নিয়ে আলোচনা প্রত্যাশা করা হলেও টমাসের বক্তব্যে গুরুত্ব পায় ভিন্ন বিষয়।

গণ-অভ্যুত্থান, আবু সাঈদ ও নিহতদের স্মরণ

বক্তব্যের শুরুতে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেন হ্যারি কে টমাস। ‘আমরা করব জয়’ ও ‘উই শ্যাল ওভারকাম’ গানের ঐতিহাসিক মিল এবং ২০০৪ ও ২০০৫ সালে বাংলাদেশে নিজের কিছু সুখকর স্মৃতির কথাও তুলে ধরেন তিনি।

এরপর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, অধিকাংশ দেশ ২০ বছরে যে পরিস্থিতির মধ্য দিয়ে যায়, বাংলাদেশ দুই বছরের কিছু বেশি সময়ে তার চেয়েও বেশি অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসানের প্রসঙ্গ তুলে তিনি জাতিসংঘের মানবাধিকার দপ্তরের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষের নিহত হওয়ার কথা উল্লেখ করেন। তাঁদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বলে জানান তিনি। এ ছাড়া ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্যের মৃত্যুর কথাও স্মরণ করেন।

হ্যারি কে টমাস বলেন, প্রতিটি মৃত্যুর পেছনে একজন মানুষ ও একটি পরিবার রয়েছে। এ সময় তিনি রংপুরে পুলিশের সামনে দু’হাত প্রসারিত করে দাঁড়িয়ে গুলিবিদ্ধ শিক্ষার্থী আবু সাঈদ এবং নারায়ণগঞ্জের সংঘর্ষে নিহত ছয় বছরের শিশুর আত্মত্যাগ স্মরণ করার ওপর গুরুত্ব দেন।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিজয়ের প্রসঙ্গ

বক্তব্যের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী বিজয় এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ তুলে ধরেন সাবেক এই রাষ্ট্রদূত।

তিনি বলেন, বহুমুখী গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না; জনগণকেই তা বেছে নিতে হয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ব্যালটের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে।

১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে উল্লেখ করে টমাস বলেন, নির্বাচনের ফল নিয়ে কারও ভিন্নমত থাকলেও ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের প্রাপ্য।

গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে প্রধানমন্ত্রী ও বিরোধী দল—উভয়ের সফলতার জন্য প্রার্থনা করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতাকে আমন্ত্রণ জানানোর উদ্যোগেরও প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে যা বললেন

যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সরে যায়নি উল্লেখ করে হ্যারি কে টমাস ২০২৬ সালে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের যৌথ তহবিলে ৩০ কোটি ডলার এবং বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচিতে প্রায় ১০ কোটি ডলার অর্থায়নের কথা জানান।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বর্তমানে কৌশলগত বাস্তববাদ ও বহুমুখী কূটনীতি অনুসরণ করছে। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।

বক্তব্যের শেষ পর্যায়ে কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার প্রসঙ্গ টেনে রাজনৈতিক বিভাজন ও বিদ্বেষ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের আয়োজিত সেমিনারে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান, নিহতদের আত্মত্যাগ, বিএনপির নির্বাচনী বিজয় এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা গুরুত্ব পাওয়ায় অনুষ্ঠানে উপস্থিত নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয় বলে আয়োজনে উপস্থিতির বর্ণনায় উঠে এসেছে। বিশেষ করে মঞ্চে থাকা এ কে আব্দুল মোমেনের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সব মিলিয়ে সেমিনারে হ্যারি কে টমাসের বক্তব্যের মূল বিষয় ছিল বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন, নির্বাচনী ফলাফল, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং রাজনৈতিক বিভাজন কমিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা।

জুবায়ের/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে