×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত

২০২৬ নভেম্বর ২৬ ১০:১১:১১
ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অধিগ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ জন্য কোম্পানিটির ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু করা হবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজকে নতুন শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডারদের নামে এসব শেয়ার ইস্যু করা হবে। হাইকোর্টের সম্মতি ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

এদিকে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের অংশ হিসেবে লেবাননের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি করেছে ওয়ালটন। পাশাপাশি ইয়েমেনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কোম্পানিটি।

কোম্পানির তথ্য অনুযায়ী, লেবাননের আইন অনুযায়ী নিবন্ধিত এবং বৈরুতে কার্যালয় থাকা ফ্রিগো পাওয়ার ফর জেনারেল ট্রেডিংয়ের সঙ্গে এ চুক্তি হয়েছে। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটিকে লেবাননে ওয়ালটন পণ্যের অনুমোদিত পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছর প্রতিষ্ঠানটি দেশটির বাজারে ওয়ালটনের পণ্য বিক্রি, বিতরণ ও বিপণনের দায়িত্ব পালন করবে।

অন্যদিকে ইয়েমেনের এডেনে নিবন্ধিত মোহাম্মদ আবদুল্লাহ আল-ইজ্জি ফর ইমপোর্টের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ওয়ালটন। কোম্পানির তথ্যমতে, দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক ও পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নিরবচ্ছিন্ন পণ্য ক্রয়, বিপণন, মানসম্মত গ্রাহকসেবা এবং পণ্যের প্রচারের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বোর্ড। আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা। আগের অর্থ বছরের একই সময়ে এ আয় ছিল ৩১ টাকা ১১ পয়সা। ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা।

এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটির বোর্ড। ওই অর্থ বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩৪ টাকা ২২ পয়সা, যা আগের অর্থ বছরে ছিল ৪৪ টাকা ৭৮ পয়সা।

২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৬৬ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১২ হাজার ২৪৪ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৬ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ২৯৪টি।

শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী, কোম্পানিটির ৭১ দশমিক ০৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০.৯৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৭.৯১ শতাংশ শেয়ার।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে