×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের

২০২৬ নভেম্বর ২৬ ০৮:০০:৫৮
সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসা ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের অতীত দুর্নীতি, শতাধিক ফৌজদারি মামলা এবং বারবার দলবদলের নানা তথ্য তুলে ধরে কড়া জবাব দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সম্প্রতি নিজের দেওয়া এক বক্তব্যে তিনি অর্জুন সিংয়ের ওই হুমকির তীব্র ব্যঙ্গ ও সমালোচনা করেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় রাস পূর্ণিমার গঙ্গা আরতিতে গিয়ে সাংবাদিকদের কাছে পরিবহনমন্ত্রী অর্জুন সিং মন্তব্য করেন যে, ভারত আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জুলকারনাইন সায়ের বলেন, বাংলাদেশের বিজয় দিবসকেই বেছে নিয়ে গঙ্গা আরতি ও রাতের খাবারের মাঝখানের অবসরে ১৭ কোটি মানুষের একটি দেশ দখলের পরিকল্পনা সাজানোর মতো আত্মবিশ্বাস নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে ট্যাংক নামানোর আগে দেশবাসীর পক্ষ থেকে একটি ছোট প্রশ্ন তুলে তিনি জানতে চান—ভাটপাড়ার সেই নর্দমাটির কোনো খোঁজ পাওয়া গেছে কি না?

অর্জুন সিংয়ের অতীত দুর্নীতির ঘটনা তুলে ধরে সায়ের জানান, ২০২০ সালে ভাটপাড়া পৌরসভা থেকে ৪ কোটি ৫২ লাখ রুপি আত্মসাতের অভিযোগে পুলিশ একটি মামলা দায়ের করেছিল, যখন অর্জুন সিং ওই পৌরসভার চেয়ারম্যান ছিলেন। একটি পয়ঃনিষ্কাশন লাইন বা নর্দমা তৈরির জন্য ওই অর্থ পরিশোধ করা হয়েছিল। কিন্তু পুলিশের ভাষ্যমতে, বাস্তবে ওই নর্দমার কোনো অস্তিত্বই ছিল না এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই অর্থ দেওয়া হয়েছিল, সেটি তার নিজস্ব আত্মীয়দের বলে জানা যায়।

কটাক্ষ করে সায়ের বলেন, যিনি নিজের শহরে একটি নর্দমা পর্যন্ত তৈরি করে দিতে পারেননি, তিনি এখন তিন সপ্তাহের মধ্যে একটি আস্ত দেশ দখল করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার সাম্প্রতিক মন্তব্য শোনার পর মনে হচ্ছে, নর্দমাটি শেষ পর্যন্ত তৈরি হয়েছে ঠিকই—তবে তা এখন তার মুখ দিয়েই প্রবাহিত হচ্ছে।

অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামার তথ্য ফাঁস করে জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, চলতি বছরের এপ্রিলে দাখিল করা ৯৩ পৃষ্ঠার হলফনামায় তার বিরুদ্ধে ১১৯টি ফৌজদারি মামলা বিচারাধীন থাকার তথ্য উল্লেখ করা হয়েছে, যা ২০১৯ সালে ছিল ২৪টি। অধিকাংশ রাজনীতিবিদ তাদের ভোটের হার বাড়ালেও অর্জুন সিং তার মামলার তালিকা পাঁচ গুণ বাড়িয়েছেন।

ভারতের নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এডিআর (ADR) মন্ত্রীদের নিয়ে তৈরি তাদের প্রতিবেদনে অর্জুন সিংয়ের নাম অন্তর্ভুক্ত করতে পারেনি উল্লেখ করে সায়ের জানান, এর কারণ ছিল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা নথিটি ছিল অস্পষ্ট ও পাঠের অযোগ্য। ১৬ ডিসেম্বর কী ঘটবে তা ভবিষ্যৎই বলে দেবে, তবে আপাতত অর্জুন সিং নির্বাচন কমিশনের স্ক্যানারকে পরাজিত করার কৃতিত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি। আর এই বর্ণাঢ্য জীবনবৃত্তান্তই তাকে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বসহ মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছে, যে মন্ত্রিসভা আবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনে কমিশন গঠনের অনুমোদন দিয়েছিল।

নিজের বিরুদ্ধে থাকা সব মামলাই রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে অর্জুন সিং যে দাবি করেন, সে প্রসঙ্গে সায়ের বলেন, এটি হতেও পারে; কারণ তিনি প্রতিটি রাজনৈতিক দলকেই তাকে হেনস্তা করার সমান সুযোগ করে দিয়েছেন—কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আবার তৃণমূল এবং পুনরায় বিজেপি। হোটেলের বয়দের চেয়েও বেশিবার দলবদল করেছেন তিনি।

সবশেষে অর্জুন সিংয়ের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে জুলকারনাইন সায়ের বলেন, নিজ দেশে ১১৯টি মামলা মাথায় নিয়ে কোন নৈতিক অবস্থানে দাঁড়িয়ে তিনি একটি সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিশোধের হুমকি দেন? যেকোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুরুটা নর্দমা দিয়েই হোক।

পাশাপাশি ১৬ ডিসেম্বর প্রতিবারের মতোই বাংলাদেশ দিনটি উদযাপন করবে জানিয়ে তিনি অর্জুন সিংকে উদ্দেশ্য করে বলেন, তিনি চাইলে বাসে কিংবা সেই নর্দমা দিয়ে এসে তা দেখে যেতে পারেন—যেকোনোভাবেই আসুন না কেন, তাকে আতিথেয়তা দিতে পারলে বাংলাদেশ আনন্দিত হবে।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে