×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

"যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"

২০২৬ নভেম্বর ২৫ ১৮:৩৩:৪৪

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উত্থাপিত ‘নারী মরদেহের ময়নাতদন্তে নারী চিকিৎসক’ সংক্রান্ত বিলের তীব্র সমালোচনা করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য। পাশাপাশি ওই বিলের সাথে আইনমন্ত্রীর নীতিগতভাবে একমত হওয়ার খবরেরও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। পিনাকী ভট্টাচার্যের মতে, বাস্তবতা বিবর্জিত এই ধরনের আইন পাস হলে সারা দেশে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

সম্প্রতি নিজের দেওয়া এক বক্তব্যে পিনাকী ভট্টাচার্য সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, এই ভদ্রলোক মনে হয় দেশের আর কোনো ইস্যু খুঁজে পান না। পত্রিকায় আইনমন্ত্রীর পক্ষ থেকে ওই বিলের সাথে নীতিগতভাবে একমত হওয়ার খবর দেখে তিনি কটাক্ষ করে মন্তব্য করেন, "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ।"

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পিনাকী ভট্টাচার্য বলেন, শাহজাহান চৌধুরী আদৌ বিষয়টি জানেন কি না তা নিয়ে সন্দেহ আছে; ধরে নিলাম তিনি জানেন না, কিন্তু জামায়াতের আমির তো নিজেই একজন চিকিৎসক—তিনি কীভাবে তার দলের একজন এমপিকে এই বিল তুলতে দিলেন? সৌদি আরবেও এমন কোনো আইন নেই বলে তিনি উল্লেখ করেন।

এই বিল পাস হলে কী ধরনের ভয়াবহ বিপর্যয় (ডিজাস্টার) সৃষ্টি হবে, তার ব্যাখ্যা দিয়ে চিকিৎসক পিনাকী ভট্টাচার্য জানান, ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা একটি বিশেষায়িত দক্ষতা, যা সাধারণ এমবিবিএস চিকিৎসকরা করেন না; এর জন্য ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ প্রয়োজন। বাধ্য হয়ে এমবিবিএস চিকিৎসক করলে সেখান থেকে বিশেষায়িত দক্ষতা পাওয়া যাবে না।

তিনি উল্লেখ করেন, দেশে এমনিতেই প্রয়োজনের তুলনায় ফরেনসিক বিশেষজ্ঞের সংখ্যা অনেক কম এবং বিশেষজ্ঞদের ক্ষেত্রেও তনু ও বিশ্বজিতের ময়নাতদন্তের মতো ভুল রিপোর্ট দেওয়ার নজির রয়েছে। এর ওপর দেশে ফরেনসিক মেডিসিনে বিশেষায়িত ডিপ্লোমাধারী নারী চিকিৎসক রয়েছেন মাত্র দুজন—ডা. মমতাজ আরা এবং সরকারি পর্যায়ে দেশের প্রথম ডিগ্রিধারী নারী ফরেনসিক বিশেষজ্ঞ ডা. ইলিজা আলী (যিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন)। মুসলিম দেশগুলোতে নারীরা সাধারণত এই পেশায় আসতে চান না বলেও তিনি জানান।

পিনাকী ভট্টাচার্য প্রশ্ন তোলেন, এই মাত্র দুজন নারী চিকিৎসক কি সারা দেশে ঘুরে ঘুরে ময়নাতদন্ত করবেন? প্রতিটি ময়নাতদন্ত করতে দুই থেকে চার ঘণ্টা সময় লাগে। অর্থাৎ খাওয়া-দাওয়া বাদ দিলেও একজন চিকিৎসক দিনে দুই থেকে চারটির বেশি ময়নাতদন্ত করতে পারবেন না—তাও যদি সারা দেশের সব মরদেহ এক জায়গায় আনা হয়। এছাড়া ময়নাতদন্ত করলেই চিকিৎসকের কাজ শেষ হয়ে যায় না; যে আদালতে মামলা হয় সেখানে গিয়ে সাক্ষ্যও দিতে হয়।ফলে ওই দুজন চিকিৎসক কখন আদালতে যাবেন, কখন সাক্ষ্য দেবেন আর কখন ছাত্র পড়াবেন—তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এর পরিণতিতে হাজার হাজার নারী মরদেহ ময়নাতদন্তের সিরিয়াল না পেয়ে এক-দুই বছর ধরে পড়ে থাকবে এবং মরদেহ সংরক্ষণের জন্য আলাদা করে হিমঘর বানাতে হবে; নতুবা বাধ্য হয়ে অনভিজ্ঞ নারী এমবিবিএস চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্ত করাতে হবে, যার ফলে ভুল রিপোর্ট আসবে বলে তিনি সতর্ক করেন।

ময়নাতদন্তের আরেকটি বড় বাস্তবতার কথা তুলে ধরে পিনাকী ভট্টাচার্য বলেন, ময়নাতদন্তে মরদেহ কাটা, কাঁধে তোলা ও প্রস্তুত করার কাজটি চিকিৎসক নন, বরং ডোম করে থাকেন। দেশে যেহেতু কোনো নারী ডোম নেই, সেহেতু এই আইনে ডোমও কি নারী হতে হবে—সেই প্রশ্ন তোলেন তিনি। হৃদরোগ হলে মানুষ যেমন এমবিবিএস চিকিৎসকের বদলে কার্ডিওলজিস্টের কাছে যায়, ময়নাতদন্তও তেমনি বিশেষজ্ঞের কাজ বলে তিনি মনে করিয়ে দেন।সবশেষে ক্ষোভ ও ব্যঙ্গ প্রকাশ করে পিনাকী ভট্টাচার্য বলেন, তিনি চান এই বিল পাস হোক এবং সারা দেশে একটা বিপর্যয় তৈরি হোক, তাহলে জনগণ বুঝতে পারবে কারা বাংলাদেশের রাজনীতি করে। জামায়াত ক্ষমতায় গেলে শাহজাহান চৌধুরীর মতো ব্যক্তিরা মন্ত্রী হবেন—তখন তারা কীভাবে দেশ চালাবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে