×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার

২০২৬ নভেম্বর ২৫ ১০:৪১:৪৮
গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের হাতে। বাকি ১০ শতাংশের মালিক সরকার। ব্যাংকটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের নামে বর্তমানে কোনো ব্যক্তিগত শেয়ার নেই। গ্রামীণ ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির মালিকানা ও পরিচালনা কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে ঋণগ্রহীতা সদস্যদের মধ্য থেকে নির্বাচিত ৯ জন পরিচালক রয়েছেন।

এদিকে সম্প্রতি ড. ইউনূসের ব্যাংক হিসেবে বিবেচনা করে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর এক বিবৃতিতে ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।

২০২৫ সালের শেষে গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ২০ হাজার। এর মধ্যে ৯৬ দশমিক ৬৭ শতাংশ নারী। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। এ কার্যক্রম পরিচালনায় রয়েছে ২ হাজার ৫৬৮টি শাখা। বর্তমানে ব্যাংকটিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৪ হাজার ২১৭।

ক্ষুদ্রঋণের পাশাপাশি গ্রামীণ ব্যাংক গৃহঋণ, শিক্ষাঋণ, কৃষিঋণ, ব্যবসায়িক ঋণ ও পশুপালন ঋণ দিয়ে থাকে। সদস্যদের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণেও বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৫২ কোটি চারা রোপণ করা হয়েছে।

১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের জোবরা গ্রামের ৪২ জন দরিদ্র নারীকে মহাজনের ঋণের শোষণ থেকে মুক্ত করতে নিজের পকেট থেকে ২৭ ডলার সমপরিমাণ অর্থ ঋণ দেন। তাদের ঋণ পরিশোধের অভিজ্ঞতা থেকেই জামানত ছাড়াই দরিদ্র মানুষকে ঋণ দেওয়ার ধারণাটি বাস্তব ভিত্তি পায়।

১৯৭৯ সালে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রকল্পটি টাঙ্গাইলে সম্প্রসারিত হয়। পরে ১৯৮৩ সালের ২ অক্টোবর সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

গ্রামীণ ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩০০ কোটি টাকা। সংশোধিত কাঠামো অনুযায়ী, এর ৯০ শতাংশের মালিক ঋণগ্রহীতা সদস্যরা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।

এর আগে ২০১৩ সালের আইন অনুযায়ী ব্যাংকটির মালিকানায় সরকারের অংশ ছিল ২৫ শতাংশ এবং সদস্যদের অংশ ছিল ৭৫ শতাংশ। ২০১১ সালে সরকারের মালিকানা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছিল।

মালিকানার পাশাপাশি পরিচালনা পর্ষদেও পরিবর্তন এসেছে। আগে ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে সরকারের মনোনীত পরিচালক ছিলেন তিনজন। নতুন কাঠামোয় তা কমিয়ে একজন করা হয়েছে। চেয়ারম্যানও সরাসরি সরকার নিয়োগ করবে না; পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। এ ছাড়া ঋণগ্রহীতা সদস্যদের নির্বাচিত ৯ পরিচালক এবং তাঁদের মনোনীত তিনজন পরিচালক থাকবেন।

গ্রামীণ ব্যাংকের ঋণ বিতরণের প্রধান উৎস সদস্যদের আমানত। ২০২৫ সালের শেষে সদস্যদের আমানতের পরিমাণ ছিল ১৭ হাজার ৪১৬ কোটি ৯৯ লাখ টাকা। বিপরীতে ঋণের স্থিতি ছিল ১৭ হাজার ৩৭৮ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ ঋণের তুলনায় আমানত ৩৮ কোটি ৮৯ লাখ টাকা বেশি।

ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ঋণ বিতরণের জন্য প্রয়োজনীয় অর্থের শতভাগের বেশি সদস্যদের আমানত থেকে সংগ্রহ করা হচ্ছে।

গ্রামীণ ব্যাংক মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার পাশাপাশি বিভিন্ন তহবিলে অর্থ বরাদ্দ করে। ২০২৪ সালের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বাবদ ৩৭ কোটি ৮ লাখ ৫৩ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া সাধারণ রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলসহ বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালের জন্যও ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এর মালিক যেহেতু গ্রাহক, তাই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হলে তা ঋণগ্রহীতা সদস্যদেরই ক্ষতি। এসব সদস্য মূলত গ্রামের দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। একই সঙ্গে ব্যাংকের ক্ষতি হলে সরকারেরও ক্ষতি হবে।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে