×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের

২০২৬ নভেম্বর ২৪ ১৮:২৪:৩৬
প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। দুই ঘণ্টার এ বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, কূটনৈতিক তৎপরতা ও সাংবিধানিক সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রীর আন্তরিক আতিথেয়তা ও ঘরোয়া মধ্যাহ্নভোজের আয়োজনও আলোচনায় এসেছে।

বৈঠক সূত্রের বরাতে জানা গেছে, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যে সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহসহ দলটির জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের শুরু থেকেই আলোচনার পরিবেশ স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ রাখতে উদ্যোগী ছিলেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজের আগে তিনি এনসিপির তরুণ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।

আতিথেয়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজেই অতিথিদের পাতে খাবার বেড়ে দেন। মধ্যাহ্নভোজের আয়োজন ছিল সাধারণ ও ঘরোয়া। খাবারের তালিকায় ছিল সাদা ভাত, পাবদা মাছ, ডাল, মিশ্র সবজি ও ডিমের কারি। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতার মতে, পুরো সময়জুড়ে প্রধানমন্ত্রীকে বেশ খোলামেলা ও অকপট দেখা গেছে।

বৈঠকে দুই পক্ষের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যু নিয়ে দীর্ঘ মতবিনিময় হয়। আলোচনায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানো ও দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান, জুলাই অভ্যুত্থানের ঐক্য সংহত রাখা, জাতীয় ঐক্য, কূটনৈতিক তৎপরতা এবং গণমাধ্যমের ভূমিকার বিষয় উঠে আসে।

এ ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পানিবণ্টন চুক্তির মতো স্পর্শকাতর বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠক সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় ঐক্য বজায় রাখা ও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের মতো বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক সুর দেখা গেছে। তবে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া ও জুলাই সনদ বাস্তবায়নের মতো বিষয়ে মতপার্থক্য পুরোপুরি কাটেনি।

বৈঠক শেষে আলাদা প্রেস ব্রিফিংয়ে দুই পক্ষই নিজ নিজ অবস্থান তুলে ধরে। রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর আন্তরিক আপ্যায়ন ও নিজ হাতে খাবার বেড়ে দেওয়ার ঘটনাটিও বৈঠকের বিশেষ দিক হিসেবে আলোচনায় এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে