×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান

২০২৬ নভেম্বর ২৪ ১৮:০০:১৩
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০ টাকা। মালিকপক্ষ সর্বনিম্ন ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দিলেও শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকা নির্ধারণের দাবিতে অনড় রয়েছেন। দুই পক্ষের মতপার্থক্যের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চতুর্থ সভায় এ বিষয়ে আলোচনা হয়। বেলা ২টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে সোমবার বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনার পর দুই পক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। সভার শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।

অন্যদিকে, শ্রমিকপক্ষ শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। আলোচনার একপর্যায়ে তা কমিয়ে ২৫ হাজার এবং সর্বশেষ ২২ হাজার টাকার প্রস্তাব দেয়।

মজুরি বোর্ডের একজন সদস্য জানান, দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। পরে মঙ্গলবার বেলা ২টায় আবার সভা শুরু হয়। মঙ্গলবারই আলোচনা শেষে মজুরি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।

মজুরি বোর্ডের সভার আলোচ্যসূচিতে রয়েছে, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে বলা হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে