×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন

২০২৬ নভেম্বর ২২ ১৬:৪৪:১৮
ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রভাব কমানো এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক পরিচালনার নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, বেসরকারি ব্যাংকের বোর্ডে থাকতে পারবেন না মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা। একই পরিবারের পরিচালক সংখ্যা কমানো, স্বতন্ত্র পরিচালক বাড়ানো এবং পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদ কমানোর পরিকল্পনাও রয়েছে।

এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, মন্ত্রী, মন্ত্রী সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা বেসরকারি ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইভাবে রাজনৈতিক পদধারীদের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচনা করার প্রস্তাব রয়েছে।

ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব কমানো, পরিচালনায় পেশাদারিত্ব নিশ্চিত করা এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই এ বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে একটি ব্যাংকের বোর্ডে একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য পরিচালক হিসেবে থাকতে পারেন। নতুন প্রস্তাবে এই সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে।

এ ছাড়া একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সংখ্যা কমানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে এ ধরনের প্রতিষ্ঠানের দুজন প্রতিনিধি পরিচালক থাকতে পারলেও নতুন বিধানে তা কমিয়ে একজন করার পরিকল্পনা করা হয়েছে।

অতীতে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকের ওপর পারিবারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্যাংকের পরিচালনায় একক পরিবার বা গোষ্ঠীর প্রভাব কমিয়ে জবাবদিহি বাড়াতে এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

এর আগে পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ছয় বছর ছিল। তবে ২০১৮ সালে তা বাড়িয়ে নয় বছর এবং ২০২৩ সালে আরও বাড়িয়ে ১২ বছর করা হয়। এবার সেই মেয়াদ আবার কমিয়ে ছয় বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ পরিবর্তন কার্যকর হলে দীর্ঘদিন একই ব্যক্তির ব্যাংকের বোর্ডে থাকার সুযোগ কমবে। পাশাপাশি বোর্ডে নতুন পরিচালক অন্তর্ভুক্তি ও পরিচালনায় নতুন নেতৃত্ব আসার সুযোগ তৈরি হবে।

বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের ব্যাংক বোর্ডে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে এই সংখ্যা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে।

২০ জনের কম সদস্যের বোর্ডে বর্তমানে দুজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান থাকলেও নতুন প্রস্তাবে তা বাড়িয়ে তিনজন করার পরিকল্পনা রয়েছে।

স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাংকের সঙ্গে অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ না দেওয়ার প্রস্তাবও রয়েছে।

এর মাধ্যমে ব্যাংকের বোর্ডে নিরপেক্ষতা নিশ্চিত করা, স্বার্থের সংঘাত কমানো এবং পরিচালনার ক্ষেত্রে স্বাধীন মতামত ও নজরদারি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমান আইন অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে।

তবে কৌশলগত বিনিয়োগকারীদের যোগ্যতা, শর্ত ও বিনিয়োগের সীমা নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে ব্যাংকের শেয়ার মালিকানার সর্বোচ্চ ১০ শতাংশ সীমা বহাল রাখার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকের পরিচালক পদ ছেড়ে দিলেও দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এসব ঋণ পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগ না রাখার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া কোনো পরিচালক একটানা তিন মাসের বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। এর বেশি সময় অনুপস্থিত থাকার অনুমতি বছরে সর্বোচ্চ একবার নেওয়া যাবে।

ব্যাংক কোম্পানি আইন সংশোধনের এসব প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদিত হলে বেসরকারি ব্যাংকের পরিচালনা কাঠামো, পরিচালক নিয়োগ, পারিবারিক নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। তবে এসব বিধান কার্যকর হওয়ার জন্য খসড়াটি মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে