×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা

২০২৬ নভেম্বর ২২ ১০:৫৬:১৫
মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য সহজ হয়েছে অভিবাসন ঋণ গ্রহণের প্রক্রিয়া। সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এর মাধ্যমে অনলাইনে আবেদন করেই সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন বিদেশগামী কর্মীরা। এ সেবা চালুর পর প্রায় এক বছরে ২০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ইতোমধ্যে ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের জন্য আবেদন করেছেন।

আবেদন থেকে ঋণ অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বর্তমানে সময় লাগছে মাত্র ৩ থেকে ৪ দিন। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সরকারের এটুআই (অ্যাসপায়ার টু ইনোভেট) প্রোগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এটুআইয়ের তথ্য অনুযায়ী, মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত অভিবাসন ঋণ নিতে পারেন। বিদেশে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীর প্রকৃত খরচ যাচাই-বাছাই করে ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। ফলে বিদেশযাত্রার প্রস্তুতি ও প্রয়োজনীয় খরচ মেটাতে কর্মীরা এই ঋণসেবা থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন।

গত বছরের ৩ ডিসেম্বর ডিজিটাল মাধ্যমে অভিবাসন ঋণসেবা চালু করা হয়। প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পর বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১২২টি শাখায় এ সেবা চালু রয়েছে। আবেদন থেকে ঋণ অনুমোদনের সময় কমে আসায় বিদেশগামী কর্মীদের জন্য অর্থ সংগ্রহ ও বিদেশযাত্রার প্রস্তুতি আগের তুলনায় সহজ হয়েছে।

আগে অভিবাসন ঋণ নিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আবেদনকারীদের একাধিকবার ব্যাংকের শাখায় যেতে হতো। এতে যাতায়াত খরচ, সময় ব্যয় এবং নানা ধরনের ভোগান্তির মুখে পড়তেন বিদেশগামী কর্মীরা। অনেক ক্ষেত্রে ঋণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে মধ্যস্বত্বভোগীদের সহায়তার ওপরও নির্ভর করতে হতো।

ডিজিটাল সেবা চালুর পর এখন ঘরে বসেই ঋণের আবেদন করা যাচ্ছে। একই সঙ্গে অনলাইনে আবেদনের অগ্রগতি জানা সম্ভব হচ্ছে। এতে ব্যাংকে যাতায়াতের প্রয়োজনীয়তা কমেছে, আবেদন প্রক্রিয়া সহজ হয়েছে এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়েছে।

বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিদেশগামী কর্মীদের জন্য এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সহজে ঋণসেবা পাওয়ায় তারা বিদেশে যাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে পারছেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃপক্ষের প্রকাশিত জরিপে দেখা গেছে, ডিজিটাল পদ্ধতিতে অভিবাসন ঋণসেবা চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত ও আবেদনসংক্রান্ত ব্যয় ৫০ শতাংশ করে কমেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ কমেছে ৩০ শতাংশ। আর আবেদন প্রক্রিয়ায় কাগজের ব্যবহার কমেছে শতভাগ।

ডিজিটাল পদ্ধতিতে আবেদন গ্রহণ ও যাচাই কার্যক্রম পরিচালিত হওয়ায় সেবা প্রদান আরও দ্রুত ও সহজ হয়েছে। এতে আবেদনকারীদের ভোগান্তি কমার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজেও দক্ষতা বেড়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে সমন্বিত সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’। এ প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার জন্য আবেদন, নির্ধারিত ফি পরিশোধ, আবেদনের অগ্রগতি অনুসরণ এবং ডিজিটাল সনদসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।

এটুআইয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মাইগভ প্ল্যাটফর্মে ৮৪টি সরকারি দপ্তর ও সংস্থার ৪৩৪টি মৌলিক সেবার বিপরীতে ৮২৯টি অনলাইন আবেদন ফরম চালু রয়েছে। এসব সেবার মধ্যে বিদেশগামী নাগরিকদের প্রয়োজনীয় নথিপত্র সত্যায়ন ও এপোস্টিল সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।

নাগরিকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়াতে মাইগভ প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে নতুন নতুন ডিজিটাল সেবা যুক্ত করা হচ্ছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে