×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ

২০২৬ নভেম্বর ২২ ১৬:২১:২১
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২২ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জড়িত চারজনের মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনাক্ত তিনজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। হামলায় জড়িত অপর ব্যক্তির পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। একই সঙ্গে বাড়িতে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

তবে আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। ফলে বাড়িতে থাকা সাদিক কায়েমের বাবা-মা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান।

সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখতে পান। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ঘটনার পর রোববার সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সাদিক কায়েমের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হামলার উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে