×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’

২০২৬ নভেম্বর ২২ ১০:০৬:৪১
‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’

নিজস্ব প্রতিবেদক: এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় বাজারে এই মূল্যবান ধাতুর দামও কমেছে। অনেক নাগরিক তাকে জানিয়েছেন, তার আহ্বানে সাড়া দিয়ে স্বর্ণ কেনা থেকে বিরত থাকায় তাদের অর্থ সাশ্রয় হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় স্বর্ণ কেনা কমানোর বিষয়ে নিজের আহ্বানের প্রসঙ্গ তুলে ধরেন মোদি। গত মে মাসে তিনি দেশবাসীকে এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ জানিয়েছিলেন।

মোদি বলেন, তার এই আহ্বানকে ১৯৬৫ সালে ভারতের তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর দেশবাসীকে একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে তুলনা করা যায়। শাস্ত্রীর আহ্বানে তখন যেভাবে মানুষ সাড়া দিয়েছিল, এখনো দেশের নাগরিকদের মধ্যে তেমন দায়িত্ববোধ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন, তার মতো একজন সাধারণ মানুষের অনুরোধেও নাগরিকেরা স্বর্ণ কেনা কমিয়েছেন। এর ফলে স্বর্ণের দাম কমেছে এবং অনেক মানুষ ব্যক্তিগত অর্থ সাশ্রয়ের সুযোগ পেয়েছেন।

গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারতের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৩ রুপিতে।

অর্থাৎ, প্রতি গ্রামে স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৭২৭ রুপি। তবে এই মূল্যপতনের পেছনে শুধু স্বর্ণ কেনা কমানোর আহ্বান নয়, আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময়মূল্য ও অন্যান্য অর্থনৈতিক পরিস্থিতিরও প্রভাব থাকতে পারে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়ে। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর লক্ষ্যেই স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান মোদি।

সে সময় হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, স্বর্ণ এমন একটি খাত, যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নেওয়া প্রয়োজন।

স্বর্ণ কেনা কমানোর পাশাপাশি জ্বালানি ব্যবহার হ্রাস, বাড়ি থেকে কাজ করা এবং বিদেশ ভ্রমণ সীমিত রাখারও আহ্বান জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে গত সেপ্টেম্বরেও জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।স্বর্ণ আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাস এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যেই এসব পদক্ষেপের কথা তুলে ধরেছেন মোদি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে