×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়! 

২০২৬ নভেম্বর ২২ ১০:১৬:০৬
যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়! 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বড় একটি অংশের স্বপ্ন থাকে চিকিৎসক হওয়া। তবে সামাজিক মর্যাদা বা ব্যক্তিগত আবেগের বাইরে গিয়ে কেবল ‘পেশা’ বা রুটি-রুজির মাধ্যম হিসেবে মেডিকেল পড়াশোনা কতটা সুবিধাজনক—তা নিয়ে যুক্তি-তর্কসহ বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেছেন অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম-এর এক মেন্টর। তার মতে, মেডিকেলকে কেউ ‘প্যাশন’ হিসেবে নিলে সেটি ভিন্ন বিষয়; কিন্তু একই পরিশ্রম ও মেধা অন্য খাতে ব্যয় করলে পেশাগত ও আর্থিকভাবে আরও ভালো করার সুযোগ রয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিও আলোচনায় তিনি মেডিকেল ভর্তি পরীক্ষা, এমবিবিএসের দীর্ঘ ও চাপযুক্ত শিক্ষাজীবন, ইন্টার্নশিপ, এফসিপিএস এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বাস্তব চিত্র বিস্তারিতভাবে তুলে ধরেন।

১. মেডিকেল ভর্তি পরীক্ষা ও আসন বাস্তবতা

বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে লিখিত (রিটেন) পরীক্ষা থাকলেও মেডিকেল ভর্তি পরীক্ষা শতভাগ এমসিকিউ-নির্ভর। তার মতে, সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে একজন শিক্ষার্থীর প্রকৃত মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয় না; বরং এটি অনেকটা ‘জুয়ার’ (Gamble) মতো হয়ে দাঁড়ায়। খুব ভালো প্রস্তুতি নিয়ে গেলেও পরীক্ষার দিনের সামান্য হেরফেরে ফলাফল বদলে যেতে পারে। লিখিত পরীক্ষা মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী যাচাইয়ে বেশি কার্যকর বলে তিনি মনে করেন।

এছাড়া দেশে এমবিবিএস (প্রায় ৫,১০০) ও বিডিএস (প্রায় ৬০০) মিলিয়ে মোট আসন সংখ্যা প্রায় ৫,৭০০। কিন্তু মেডিকেল মানেই কেবল ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী বা সলিমুল্লাহ মেডিকেল কলেজ নয়; দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক মেডিকেল কলেজেও শিক্ষার্থীদের পড়তে হয়, যেগুলোর নামও অনেকে আগে শোনেননি।

২. এমবিবিএসের দীর্ঘ সময় ও অমানুষিক পড়াশোনার চাপ

ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সাধারণ অনার্স (বিএসসি) কোর্স ৪ বছরের হলেও এমবিবিএস মূলত ৫ বছরের কোর্স—তাও যদি কেউ প্রতিটি পরীক্ষায় নিয়মিত পাস করেন। বাস্তবে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় (প্রফ) অকৃতকার্য হওয়া অস্বাভাবিক কিছু নয়, ফলে অধিকাংশ শিক্ষার্থীর এমবিবিএস শেষ করতে সাড়ে ৫ থেকে ৬ বছর লেগে যায়।

মেডিকেলের পরীক্ষা পদ্ধতিও অত্যন্ত কঠিন ও মানসিক চাপের। প্রথম বর্ষেই অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রির মতো কঠিন বিষয় পড়তে হয়। শিক্ষার্থীদের একের পর এক ধাপ পেরোতে হয়:প্রথমে আইটেম (মৌখিক বা ভাইভা পরীক্ষা, যা অত্যন্ত কঠোরভাবে নেওয়া হয়),আইটেম পাস করলে কার্ড,কার্ড শেষ করলে টার্ম,এবং টার্ম পেরোলে প্রফ (Professional Exam)।

পাঁচ বছরে মোট পাঁচটি প্রফ পরীক্ষা দিতে হয়। প্রফের আগে শিক্ষার্থীদের খাওয়া-ঘুম হারাম হয়ে যায় এবং সারাদিন চরম মানসিক চাপে পড়াশোনা করতে হয়।

৩. এক বছরের ইন্টার্নশিপ ও স্বল্প বেতন

৬ বছর ধরে এমবিবিএস শেষ করার পরও একজন শিক্ষার্থী স্বাধীনভাবে রোগী দেখার লাইসেন্স পান না। বক্তার ভাষায়, গ্রামের সাধারণ মানুষের কাছে এমবিবিএস বড় ডিগ্রি মনে হলেও চিকিৎসক সমাজের ভেতরে এটি অনেকটা ‘প্রাথমিক স্কুল পাস করার মতো’ প্রাথমিক পর্যায়ের ডিগ্রি।

এমবিবিএস শেষে বাধ্যতামূলকভাবে ১ বছরের ইন্টার্নশিপ করতে হয়। এই এক বছরে ইন্টার্ন চিকিৎসকদের দিয়ে হাসপাতালে অমানুষিক পরিশ্রম করানো হয়, কিন্তু তার বিপরীতে মাসিক বেতন দেওয়া হয় মাত্র ১৫ হাজার টাকা। এই ১ বছর ইন্টার্নশিপ সম্পন্ন করার পরই মেলে ‘বিএমডিসি’ (BMDC) নিবন্ধন নম্বর বা স্বাধীনভাবে রোগী দেখার লাইসেন্স। অর্থাৎ ৭ বছর পেরিয়ে যাওয়ার পরও একজন চিকিৎসকের নিজের পায়ে দাঁড়ানোর মতো চেম্বার বা আয়ের পথ তৈরি হয় না।

৪. এফসিপিএস ও ট্রেইনি চিকিৎসকদের সংকট

বিএমডিসি পাওয়ার পর চিকিৎসকদের বড় একটি অংশ এফসিপিএস (পার্ট-১ ও পার্ট-২) বা উচ্চতর ডিগ্রির দিকে যান, যা শেষ করতে আরও ৫ বছর বা তারও বেশি সময় লাগে। এ সময় তারা ‘ট্রেইনি ডাক্তার’ হিসেবে কাজ করেন, যাদের অধীনে ইন্টার্নরা থাকেন।

বক্তা দাবি করেন, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর পুরো স্বাস্থ্যসেবা ও জরুরি বিভাগ মূলত এই ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকেরাই ধরে রাখেন। বড় বা সিনিয়র চিকিৎসকেরা সকালে এসে দুপুরের আগেই রাউন্ড দিয়ে নিজস্ব চেম্বারে চলে যান; আর দিন-রাত রোস্টার ডিউটি, রোগীর প্রেশার মাপা ও চিকিৎসার মূল চাপ সামলান ট্রেইনি ও ইন্টার্নরা।

অথচ এই দীর্ঘ সময়ে ট্রেইনি চিকিৎসকদের ভাতা দেওয়া হয় মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টাকা (বেশিরভাগ ক্ষেত্রে ৩০ হাজার)। সম্প্রতি সরকার নিয়ম করেছে, এফসিপিএস-এ সুযোগ পাওয়া সবাই ভাতা পাবেন না; কেবল প্রথম এক বা দুই হাজার জন ভাতা পাবেন (যা নিয়ে সম্প্রতি চিকিৎসকদের আন্দোলনও হয়েছে)। ফলে বাকিদের বিনা পারিশ্রমিকেই কাজ করতে হয়। তাছাড়া যারা ভাতা পান, তাদের ক্ষেত্রেও ৩০ হাজার টাকা প্রতি মাসে নিয়মিত দেওয়া হয় না; ৬ মাস পরপর একসঙ্গে (তাও পুরোটা নয়, কিছু অংশ আটকে রেখে) দেওয়া হয়। এই অবস্থায় একজন মেয়ের জন্য স্বামী বা বাবার সহায়তায় কিংবা সচ্ছল পরিবারের ছেলের জন্য চলা সম্ভব হলেও, যে ছেলে বা মেয়েটি পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি (Primary earning source), তার জন্য এই সময়ে টিকে থাকা চরম কষ্টকর হয়ে পড়ে।

৫. বিসিএস স্বাস্থ্য ক্যাডার বনাম অন্যান্য ক্যাডার

অন্যদিকে যারা বিসিএস দিয়ে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) যোগ দেন, তাদের প্রথম দুই বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকতে হয়। সেখানে থাকার পরিবেশ ও অফিস কক্ষের মান অনেক ক্ষেত্রেই বেশ খারাপ থাকে।

তুলনামূলক চিত্র তুলে ধরে বক্তা বলেন, একজন মেডিকেল শিক্ষার্থী মেধায় অনেকের চেয়ে এগিয়ে থাকলেও তার যে বন্ধু বিসিএস পুলিশ ক্যাডারে (এএসপি) যোগ দেয়, সে শুরু থেকেই গাড়ি, ড্রাইভার, বডিগার্ড, অর্ডারলি ও রেশন পায়; অ্যাডমিন ক্যাডারের বন্ধু নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়। বিপরীতে সরকারি হাসপাতালে থাকা চিকিৎসককে অপর্যাপ্ত নিরাপত্তার (দু-একজন আনসার) মধ্যে রোগী সামলাতে হয়, প্রেসক্রিপশন লিখতে হয়, এমনকি রোগীর লাইনও ঠিক করতে হয়। বাংলাদেশের রোগীরা অনেক সময় কথা শোনেন না এবং পান থেকে চুন খসলেই রোগীর স্বজনদের হাতে চিকিৎসকের মারধরের শিকার হওয়ার ঘটনা ঘটে—যেমনটি মুগদা মেডিকেলে তার পরিচিত এক চিকিৎসক বন্ধুর (চট্টগ্রাম মেডিকেলের সাবেক শিক্ষার্থী) ক্ষেত্রে ঘটেছে।

৬. ব্যতিক্রম উদাহরণ প্রসঙ্গ

অনেক শিক্ষার্থী প্রশ্ন করেন—মেডিকেল শিক্ষার্থীরা তো পড়িয়ে অনেক টাকা আয় করেন। এর জবাবে বক্তা বলেন, তারা অত্যন্ত মেধাবী (Extremely genius) ব্যতিক্রমী উদাহরণ এবং তারা মেডিকেল পেশার বেতন থেকে নয়, বরং শিক্ষকতা বা কোচিংয়ের মাধ্যমে আয় করেন। এফসিপিএস-এর ৩০ হাজার টাকার জন্য তাদের বসে থাকতে হয় না। কিন্তু সবার পক্ষে তো আর তাদের মতো হওয়া সম্ভব নয়।

সবশেষে তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, কেউ যদি প্যাশন থেকে মেডিকেলে যেতে চান তবে ভিন্ন কথা; তবে পেশা ও ভবিষ্যৎ জীবনের বাস্তবতা জেনে, বুঝে ও সতর্ক হয়েই যেন এই পথে পা বাড়ান, যাতে পরে আফসোস করতে না হয়।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে