×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা

২০২৬ নভেম্বর ২২ ১১:১৭:১৪
টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা

নিজস্ব প্রতিবেদক: টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার এক নারীর বিরুদ্ধে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে ওই নারীকে বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নারীর নাম ঝর্ণা আক্তার (৩৫)। তিনি ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঝর্ণা আক্তার নিয়মিত টিকটকে ভিডিও তৈরি করেন। সম্প্রতি তার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় সমালোচনা ও উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাড়িতে গিয়ে তাকে একটি কক্ষে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন। তবে পুলিশ আসছে—এমন খবর পেয়ে ওই নারী ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় ঝর্ণা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা তার স্ত্রীর উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে দলের নেতাকর্মীদের নজরে টিকটক ভিডিওটি আসে। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই নারী পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে