×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ

২০২৬ নভেম্বর ২২ ১৬:২৪:৩২
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে লাগামহীন খেলাপি ঋণ কমিয়ে আনতে বহুমুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা, ঋণ আদায় জোরদার, ব্যাংকগুলোর ওপর নজরদারি বাড়ানো, ঋণঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন এবং আইনি সংস্কারসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্তমানে ব্যাংক খাতের মোট ঋণের বড় অংশ খেলাপি হয়ে পড়ায় আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সক্রিয় করার পাশাপাশি যেসব ব্যাংকের ঋণের মান দুর্বল, সেগুলোর ওপর বিশেষ নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ২০ শতাংশে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ১৭ শতাংশ। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

এ অবস্থায় খেলাপি ঋণের পরিমাণ কমাতে ব্যাংকগুলোকে ঋণ আদায়ে গতি বাড়ানো, অনাদায়ি ঋণ চিহ্নিত করা এবং ঋণগ্রহীতাদের সঙ্গে কার্যকর যোগাযোগের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

খেলাপি ঋণ আদায়ে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে গত ২০ নভেম্বর সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের ২৯ জুন চালু হওয়া বিশেষ নীতিমালার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করলে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ডের অনুমোদন সাপেক্ষে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করা যেতে পারে।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিল করা নির্দিষ্ট ঋণ এ সুবিধার আওতায় রয়েছে। বিশেষ করে স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এই সুবিধার মূল উদ্দেশ্য দীর্ঘদিন ধরে অনাদায়ি থাকা ঋণ নিষ্পত্তির সুযোগ তৈরি করা এবং ব্যাংকগুলোর আটকে থাকা অর্থ আদায় সহজ করা। তবে এ সুবিধা পেতে ঋণগ্রহীতাকে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ডের অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে ঋণ আদায় বাড়ানোর পাশাপাশি ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার বেশি, সেগুলোর ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনায় ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণ রয়েছে—এমন ব্যাংকগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠক করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এসব ব্যাংককে খেলাপি ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে হচ্ছে।

এ ছাড়া ব্যাংকগুলোর শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতি ব্যাংকার্স সভায় পর্যালোচনা করা হচ্ছে। এর মাধ্যমে ঋণ আদায়ের অগ্রগতি পর্যবেক্ষণ ও ব্যাংকগুলোর জবাবদিহি নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

পুরোনো খেলাপি ঋণ কমানোর পাশাপাশি নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি ঠেকাতেও ঋণঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন শক্তিশালী করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুযায়ী এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নতুন কাঠামোর মাধ্যমে ব্যাংকগুলো ঋণ পোর্টফোলিওর সম্ভাব্য ঝুঁকি আগেভাগে মূল্যায়ন করতে পারবে। একই সঙ্গে সম্ভাব্য ঋণক্ষতির পূর্বাভাস পাওয়া এবং সেই অনুযায়ী প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণ করা সহজ হবে। ফলে ঋণ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন আরও কার্যকর হওয়ার পাশাপাশি ব্যাংকগুলো সম্ভাব্য ক্ষতির বিষয়ে আগেই সতর্ক হতে পারবে।

মধ্যমেয়াদি পরিকল্পনায় ঋণ আদায়ে নিয়োজিত ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রণোদনা চালু এবং নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের জন্য বিদ্যমান প্রণোদনা পর্যালোচনার বিষয়টিও রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ঋণ ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করা, ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অনিয়ম প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ দ্রুত আদায়ে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব সংস্কারের লক্ষ্য খেলাপি ঋণসংক্রান্ত মামলার নিষ্পত্তি দ্রুত করা এবং ব্যাংকের আটকে থাকা অর্থ আদায়ের প্রক্রিয়া সহজ করা।

ঝুঁকিভিত্তিক তদারকির অংশ হিসেবে দুর্বল সুশাসন কিংবা ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি রয়েছে—এমন ব্যাংকগুলোতে বিশেষ সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ—একিউআর) জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকগুলোর ঋণ পোর্টফোলিও ও সম্পদের মান যাচাই করে দুর্বলতা, ঋণঝুঁকি এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পুনর্গঠন বা পুনঃতফসিলের সুবিধা কেবল এমন ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া উচিত, যাদের ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার সক্ষমতা এবং ঋণ পরিশোধের সামর্থ্য রয়েছে। অন্যদিকে, যারা ঋণ পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা নিতে হবে।

ঋণ আদায় কার্যক্রম কার্যকর করতে ব্যাংকগুলোর আইনি বিভাগ ও বিশেষায়িত ঋণ আদায় ইউনিট শক্তিশালী করা, জামানতের সঠিক মূল্যায়ন ও নগদায়ন প্রক্রিয়া উন্নত করা এবং বড় ও উচ্চঝুঁকির ঋণগ্রহীতাদের ওপর নিবিড় নজরদারি বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার, সম্পদের মান এবং মূলধন পর্যাপ্ততা নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত হওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং সামগ্রিক ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পথ সুগম হতে পারে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে