×
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!

২০২৬ নভেম্বর ১৭ ০৮:১৭:১০
যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩০ বছরের ঐতিহাসিক যাত্রার ইতি টেনে আগামী ১২ ডিসেম্বর পূর্ণ হতে চলেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। তবে কূটনৈতিক টানাপোড়েন এবং নয়াদিল্লির নতুন সমীকরণের কারণে চুক্তিটি নবায়নের সব প্রক্রিয়া থমকে আছে। ভারতের সরকারি ও গণমাধ্যম এক বিশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদি সরকার চুক্তিটি আর নবায়ন না করার পরিকল্পনা নিয়েছে। দিল্লির অন্দরমহল থেকে এমন ইঙ্গিত পাওয়ায় দুদেশের কূটনীতিতে তীব্র অস্বস্তি ও চাপা উত্তেজনা তৈরি হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, চুক্তির মেয়াদ ফুরিয়ে এলেও নবায়নের বিষয়ে দুদেশের মধ্যে বর্তমানে কোনো আলোচনা বা অগ্রগতি নেই। তবে ভারতের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির মেয়াদ শেষ হলেও আপাতত বিদ্যমান শর্তানুসারেই পানিবণ্টন প্রক্রিয়া অব্যাহত রাখবে দিল্লি।উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারেজ থেকে ন্যায্য পানির নিশ্চয়তা পেয়ে আসছিল বাংলাদেশ। বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে উভয় দেশ পালাক্রমে ১০ দিন করে ৩৫ হাজার কিউসেক পানির হিস্যা পেয়ে থাকে।

দিল্লির সরকারি সূত্র ও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উজানের ভারত এখন আর নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আগের মতো চুক্তিটি টিকিয়ে রাখতে নারাজ। এর পেছনে তারা বেশ কিছু কারিগরি ও অভ্যন্তরীণ চাহিদার কথা সামনে আনছে:

কলকাতার লাইফলাইন খ্যাত বন্দরটির নাব্যসংকট দূর করতে ও পলি অপসারণের জন্য ভারতের এখন অন্তত ৪০ হাজার কিউসেক পানি প্রয়োজন।এর সঙ্গে যুক্ত হয়েছে এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের পানির চাহিদা এবং সুন্দরবন অঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা প্রতিরোধের চ্যালেঞ্জ।

সম্প্রতি পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের তীব্র ক্ষোভ ও অভিযোগের মুখে ভারতের কেন্দ্রীয় পানি কমিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিস্তারিত কারিগরি বিবরণ জমা দিয়েছে।

রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে দিল্লির এক শীর্ষ কর্মকর্তা ভাটির দেশ বাংলাদেশের দিকে আঙুল তুলেছেন এবং সদিচ্ছা ও বিশ্বাসের পরিবেশ বজায় রাখার নামে উজানের দেশের প্রতি অতিরিক্ত সম্মান প্রদর্শনেরও তাগিদ দিয়েছেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারেজ প্রকল্প পুনরুজ্জীবনে ভারতের পৃথক প্যানেল গঠন এবং তিস্তাকেন্দ্রিক চীনা প্রভাব ঠেকানোর তৎপরতা স্পষ্ট করছে যে—দক্ষিণ এশিয়ার আন্তঃসীমান্ত নদীগুলোর ভূরাজনীতিতে বড় ও অস্থির পরিবর্তন শুরু হয়েছে।

ভারত থেকে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীর ব্যবস্থাপনায় যেখানে বহুমুখী ও স্থায়ী চুক্তির তীব্র প্রয়োজন, সেখানে গঙ্গার মতো জীবনরেখা নিয়ে ভারতের এমন অনীহা ও একপেশে অবস্থান বাংলাদেশের জন্য এক বড় অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। আসন্ন ১২ ডিসেম্বরের পর পানিবণ্টন কোন অনিশ্চয়তায় গিয়ে ঠেকে এবং এর ফলে দেশের কৃষি ও জনজীবনে কী ধরনের বিপর্যয় নেমে আসে—এখন সেটিই বড় উদ্বেগের বিষয়।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে