×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে

২০২৬ নভেম্বর ১৬ ২০:৩১:৩০
ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি কেন্দ্রীভূত রয়েছে মাত্র ১৫টি ব্যাংকে। এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র।

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সংকট আরও গভীর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকের প্রতিবেদনে দেখা গেছে, দেশের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি রয়েছে মাত্র ১৫টি ব্যাংকে। বাকি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ তুলনামূলক কম।

প্রতিবেদন অনুযায়ী, এই ১৫ ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি। এসব ব্যাংকের মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে দেশের ৬১টি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ আগের প্রান্তিকের ৫ লাখ ৮৮ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। একই সময়ে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার আগের প্রান্তিকের ৩২ দশমিক ২৬ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে।

মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার কিছুটা বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, খেলাপি ঋণের বড় অংশ অল্প কয়েকটি ব্যাংকে কেন্দ্রীভূত। একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক বাদ দিলেও বাকি ১০টি ব্যাংকেই রয়েছে ব্যাংক খাতের মোট শ্রেণীকৃত ঋণের ৫৭ শতাংশের বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, এতে স্পষ্ট হয় যে ব্যাংক খাতের সংকট সব প্রতিষ্ঠানে সমানভাবে ছড়িয়ে পড়েনি; বরং কয়েকটি ব্যাংকে সমস্যা তুলনামূলক বেশি প্রকট।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, মূলধনের ঘাটতি এবং মুনাফা কমে যাওয়ার মতো দীর্ঘদিনের সমস্যায় ব্যাংক খাত এখনো চাপে রয়েছে। অতিরিক্ত তারল্য পরিস্থিতি কিছুটা স্বস্তি দিলেও ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক অবস্থার দুর্বলতা কাটেনি। আমানতকারীদের আস্থায় কিছুটা উন্নতির ইঙ্গিত পাওয়া গেলেও ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যাংকগুলোর সক্ষমতা বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতিও আরও খারাপ হয়েছে। ব্যাংক তার ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে কতটা মূলধন ধরে রাখতে পারছে, তা পরিমাপ করা হয় ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের অনুপাত বা সিআরএআর দিয়ে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে ব্যাংক খাতের মূলধন ঘাটতি আগের প্রান্তিকের ৩ দশমিক ১৭ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। ফলে মূলধন পর্যাপ্ততার হার বাসেল-৩ নীতিমালায় নির্ধারিত ন্যূনতম ১০ শতাংশের চেয়ে আরও নিচে নেমে গেছে।

ব্যাংকের ধরন অনুযায়ী মূলধন পরিস্থিতিতেও দুর্বলতা দেখা গেছে। চতুর্থ প্রান্তিক শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিআরএআর আগের প্রান্তিকের ১ দশমিক ০৮ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৮২ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রেও এ হার ৯ দশমিক ১১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে।

একীভূত হওয়া পাঁচটি ব্যাংক বাদ দিলে অন্য শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হারও আগের প্রান্তিকের ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৩০ শতাংশে নেমেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পুরোপুরি শরিয়াহভিত্তিক ১০টি ব্যাংকের আর্থিক অবস্থায় মিশ্র চিত্র রয়েছে। তবে সম্পদের মান ও মূলধন পর্যাপ্ততার ক্ষেত্রে এসব ব্যাংকের দুর্বলতা এখনো উদ্বেগের কারণ।

২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৪৭ শতাংশের বেশি ছিল পুরোপুরি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর। এর প্রধান কারণ হিসেবে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণের কথা উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

খেলাপি ঋণ আদায় এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কয়েকটি উদ্যোগের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে রয়েছে খেলাপি ঋণগ্রহীতাদের জন্য এক্সিট সুবিধা চালু করা এবং প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট-২০২৬ প্রণয়ন। পাশাপাশি অর্থঋণ আদালত আইন-২০০৩ সংশোধনের উদ্যোগও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আশা, এসব উদ্যোগের পাশাপাশি অন্যান্য সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে ব্যাংক খাতের পরিস্থিতির উন্নতি হবে।

প্রতিবেদনে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, উৎপাদন খাতের ঘুরে দাঁড়ানোর ফলে ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। আগের প্রান্তিকে এ হার ছিল ২ দশমিক ২ শতাংশ।

তবে এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে উৎপাদন খাতের পুনরুদ্ধার অব্যাহত রাখার পাশাপাশি খনি, বিদ্যুৎ, পরিবহন ও নির্মাণ খাতের দুর্বলতা কাটাতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহসংকট এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় আগামী প্রান্তিকগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে গেলে তৈরি পোশাক রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল ব্যাহত হলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ কমতে পারে। এর প্রভাব পড়তে পারে প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতেও।

বাংলাদেশ ব্যাংক অবশ্য জানিয়েছে, মাঝারি মাত্রার অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়ার জন্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট বলে মনে হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে অর্থনীতির ঝুঁকি কমাতে রপ্তানির বাজার ও পণ্যের বৈচিত্র্য বাড়ানো, বিদেশে কর্মসংস্থানের নতুন গন্তব্য খোঁজা এবং বিশ্ববাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে