×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক

২০২৬ নভেম্বর ১৩ ১১:০৬:৪৯
৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের প্রথম নয় মাসে দেশের মোবাইল টেলিযোগাযোগ বাজারে গ্রাহক সংখ্যা বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার। এ সময়ে চার মোবাইল অপারেটরের মোট গ্রাহক সংখ্যা জানুয়ারির ১৮ কোটি ৫৮ লাখ থেকে বেড়ে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৯০ হাজারে। গ্রাহক বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে গ্রামীণফোন ও রবি আজিয়াটা। একই সময়ে ইন্টারনেট গ্রাহক সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ২৮ লাখ ৩০ হাজার এবং রবির বেড়েছে ১৯ লাখ ৯০ হাজার। অন্যদিকে, বাংলালিংক ও টেলিটকের গ্রাহক সংখ্যাও বেড়েছে, তবে তুলনামূলকভাবে কম।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৪৩ লাখ ৩০ হাজার। সেপ্টেম্বর মাসের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৭১ লাখ ৬০ হাজারে। অর্থাৎ নয় মাসে অপারেটরটির গ্রাহক বেড়েছে ২৮ লাখ ৩০ হাজার।

একই সময়ে রবি আজিয়াটার গ্রাহক সংখ্যা ৫ কোটি ৭২ লাখ ৪০ হাজার থেকে বেড়ে ৫ কোটি ৯২ লাখ ৩০ হাজারে পৌঁছেছে। এতে নয় মাসে অপারেটরটির গ্রাহক বেড়েছে ১৯ লাখ ৯০ হাজার।

অন্যদিকে, বাংলালিংকের গ্রাহক সংখ্যা জানুয়ারিতে ছিল ৩ কোটি ৭৪ লাখ। সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮০ লাখ ৭০ হাজারে। অর্থাৎ এ সময়ে অপারেটরটির গ্রাহক বেড়েছে ৬ লাখ ৭০ হাজার।

বাংলালিংকের গ্রাহক সংখ্যায় কয়েক মাস ওঠানামা দেখা গেছে। ফেব্রুয়ারিতে গ্রাহক কমে ৩ কোটি ৭৩ লাখ ৫০ হাজারে নেমে এলেও পরবর্তী সময়ে তা ধীরে ধীরে বেড়েছে। মে মাসে গ্রাহক সংখ্যা ছিল ৩ কোটি ৭৭ লাখ ১০ হাজার, জুনে ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার এবং আগস্টে ৩ কোটি ৭৯ লাখ ৫০ হাজার। সেপ্টেম্বরে তা আরও বেড়ে ৩ কোটি ৮০ লাখ ৭০ হাজারে পৌঁছায়।

তবে অতীতের সর্বোচ্চ অবস্থান থেকে এখনো অনেকটা পিছিয়ে রয়েছে অপারেটরটি। ২০২৪ সালের মে মাসে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজারে উঠেছিল। পরে ২০২৫ সালের অক্টোবরে তা কমে ৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে নেমে আসে। এরপর গ্রাহক সংখ্যা পুনরুদ্ধারের প্রবণতা দেখা যাচ্ছে।

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যাও সামান্য বেড়েছে। জানুয়ারিতে প্রতিষ্ঠানটির গ্রাহক ছিল ৬৮ লাখ ৩০ হাজার। সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ লাখ ৩০ হাজারে। অর্থাৎ নয় মাসে টেলিটকের গ্রাহক বেড়েছে ১ লাখ।

মোবাইল অপারেটরগুলোর পাশাপাশি দেশের ইন্টারনেট বাজারেও সম্প্রসারণ ঘটেছে। বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে। অর্থাৎ নয় মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় ৮৮ লাখ ২০ হাজার।

এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা জানুয়ারির ১১ কোটি ৪২ লাখ ২০ হাজার থেকে বেড়ে সেপ্টেম্বর মাসে ১২ কোটি ২২ লাখ ৬০ হাজারে পৌঁছেছে। অন্যদিকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) সেবার মাধ্যমে ফিক্সড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার থেকে বেড়ে ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার হয়েছে।

মাসভিত্তিক হিসাবে, মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা এপ্রিল মাসে ১৩ কোটি ১৪ লাখ ২০ হাজার, জুনে ১৩ কোটি ৫৯ লাখ ৪০ হাজার এবং আগস্টে ১৩ কোটি ৭৬ লাখ ৬০ হাজারে পৌঁছায়। সেপ্টেম্বরে তা আরও বেড়েছে।

ফেব্রুয়ারির পর থেকে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যায় ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে, ফিক্সড ইন্টারনেট গ্রাহক সংখ্যাও পুরো নয় মাস ধরে বেড়েছে এবং সেপ্টেম্বরে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

সব মিলিয়ে বিটিআরসির পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম নয় মাসে দেশে মোবাইল ও ইন্টারনেট—দুই বাজারেই গ্রাহক সংখ্যা বেড়েছে। মোবাইল অপারেটরগুলোর মধ্যে গ্রামীণফোন ও রবি গ্রাহক বৃদ্ধিতে এগিয়ে থাকলেও বাংলালিংক ও টেলিটকও এ সময়ে গ্রাহক বাড়াতে সক্ষম হয়েছে।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে