×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের

২০২৬ নভেম্বর ১৩ ১০:৪০:৩০
১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এতে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, সার্কুলার জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছর এ স্কিম কার্যকর থাকবে। এর মূল লক্ষ্য হলো প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানো।

নতুন নীতিমালায় প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ পাওয়ার যোগ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সুবিধা পেতে গ্রাহকের নামে ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। যাঁদের এমন হিসাব নেই, তাঁদের নতুন করে হিসাব খুলতে হবে।

ঋণের আওতায় আসবেন জেলে, ছুতার, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষ। পাশাপাশি ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতকারী, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকেরাও এ সুবিধা পাবেন।

ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে মুদি ও মনোহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল আর্থিক সেবার এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান দোকানি, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতাদের ঋণ দেওয়া যাবে।

এ ছাড়া হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্যচাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী এবং ব্লক-বাটিক ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এ স্কিমের সুবিধা পাবেন। ফ্রিল্যান্সার ও সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগে জড়িত ব্যক্তিদেরও ঋণের আওতায় আনা হয়েছে।

নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণে বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহক ও উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। বিশেষ করে প্রান্তিক নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী, স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও কোনো কৃষক যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। একই সুবিধা পাবেন উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগী, বিদেশ থেকে দেশে ফিরে আসা কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদেরও ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষও আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনার জন্য এ ঋণ নিতে পারবেন।

শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। ২৫ বছরের কম বয়সী অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পাবেন। এ ক্ষেত্রে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে তাঁদের অভিভাবককে।

আবার ১৮ বছর পূর্ণ হওয়ার পর প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে ব্যবসা বা পেশা পরিচালনার জন্যও ঋণ নিতে পারবেন তাঁরা। এ ছাড়া এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ব্যয় এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর প্রকৃত আর্থিক প্রয়োজন যাচাই করতে হবে।

পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত প্রয়োজন হবে না। তবে ব্যাংক ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে।

দলগত ঋণের ক্ষেত্রেও সুযোগ রাখা হয়েছে। দুই থেকে পাঁচজন সদস্য নিয়ে একটি দল গঠন করা যাবে। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। একটি দলের জন্য ঋণের সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা। ঋণ পরিশোধের দায় প্রত্যেক সদস্যকে ব্যক্তিগত ও যৌথভাবে বহন করতে হবে।

অনুমোদিত ঋণের অর্থ গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করতে হবে।

এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্যাংক সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা নিতে পারবে।

ঋণের অপরিশোধিত অর্থের ওপর সুদ বা মুনাফা হিসাব করতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিজস্ব অনুমোদিত পদ্ধতিতে অর্থায়ন করতে পারবে। তবে সেখানেও গ্রাহক পর্যায়ে মুনাফার হার ৭ শতাংশের বেশি রাখা যাবে না।

ঋণ পরিশোধের ক্ষেত্রে গ্রাহক সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড পাবেন। এ সময়সহ ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস নির্ধারণ করা হয়েছে।

গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর সাধারণত ত্রৈমাসিক কিস্তিতে ঋণের আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ আদায় করবে ব্যাংক। তবে গ্রাহকের সুবিধা বিবেচনায় মাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক কিস্তিতেও ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

নতুন নির্দেশনায় ঋণখেলাপিদের এ স্কিমের আওতায় ঋণ না দেওয়ার কথা স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো প্রকল্প, পুনঃঅর্থায়ন স্কিম কিংবা সুদ ভর্তুকির আওতায় নেওয়া আগের ঋণ সমন্বয় না করলেও নতুন করে এ সুবিধা পাওয়া যাবে না।

ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর আগের ঋণের তথ্য যাচাই করতে হবে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ঋণসংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহে কোনো ফি নেওয়া যাবে না।

ঋণ বিতরণ ও কিস্তি আদায়ে ব্যাংকগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবে। এসব সেবার ক্ষেত্রে পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চার্জের বাইরে ঋণ প্রক্রিয়াকরণের নামে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

ঋণের অর্থ যথাযথ কাজে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে। প্রতি তিন মাসে ঋণ বিতরণ ও আদায়ের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে পাঠাতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক সরেজমিনে পরিদর্শনও করতে পারবে।

এ স্কিমের আওতায় ঋণ বিতরণে আগ্রহী তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সঙ্গে চুক্তি করতে হবে। একই সঙ্গে ঋণের আসল ও সুদ বা মুনাফা পরিশোধের নিশ্চয়তা দিয়ে আলাদা ডিপি নোট জমা দিতে হবে।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে