×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হাসিনাকে পাত্তাই দিল না ভারত, মেনে নিল বাংলাদেশের কথা 

২০২৬ নভেম্বর ১১ ১২:২৫:২৬
হাসিনাকে পাত্তাই দিল না ভারত, মেনে নিল বাংলাদেশের কথা 

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া। এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিদ্যমান আইনি কাঠামো এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।মঙ্গলবার (১১ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ ও প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলেও এবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিলেন।

মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। তাই আইন ও বিদ্যমান নিয়ম মেনেই বিষয়টি বিবেচনা করা হবে।

ভারতের মুখপাত্র আরও উল্লেখ করেন, কোনো ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বৈধ ভ্রমণ নথি থাকা প্রয়োজন। অর্থাৎ, এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক বিধান অনুসরণ করতে হবে।

ভারতের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের কূটনৈতিক অনুরোধ বিবেচনার ক্ষেত্রেও দেশটির বিদ্যমান আইনি কাঠামো অনুসরণ করা হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে একটি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে ২০১৬ সালে চুক্তিটির সংশোধন করা হয়। এই চুক্তির আওতায় দুই দেশ নির্দিষ্ট শর্তে একে অপরের কাছে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারে।

তবে প্রত্যর্পণের ক্ষেত্রে চুক্তির বিভিন্ন শর্ত, ব্যতিক্রম এবং আইনি পর্যালোচনার বিষয় রয়েছে। কোনো আবেদন জমা পড়লেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ কার্যকর হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চুক্তি ও প্রচলিত আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করতে হয়।শেখ হাসিনার বিষয়টি নিয়েও এসব আইনি শর্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ব্রিফিংয়ে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েও প্রশ্ন করা হয়। বিশেষ করে পাসপোর্ট ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, তা জানতে চান সাংবাদিকেরা।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বিষয়টি প্রযুক্তিগত ও আইনি প্রশ্ন। মানুষের ভ্রমণের জন্য বৈধ ভ্রমণ নথি প্রয়োজন। তবে প্রত্যর্পণের ক্ষেত্রে এ-সংক্রান্ত বিস্তারিত বিষয় আইন অনুযায়ী বিবেচনা করা হবে। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

উল্লেখ্য, শেখ হাসিনার আইনজীবীরা সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ আবেদনের যথাযথ অনুমোদন ও প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকমিশন প্রশ্ন তুলেছে।

বাংলাদেশ ২০২৪ সালের ডিসেম্বরেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর প্রত্যর্পণের অনুরোধ নতুন করে জোরালো হয়।

ভারতের সর্বশেষ বক্তব্যে তাৎক্ষণিক প্রত্যর্পণের কোনো সময়সীমা বা চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। বরং বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনার কথা বলা হয়েছে। ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখনো বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক যোগাযোগ এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে