×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি!

২০২৬ নভেম্বর ১১ ১১:৩১:১৮
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি!

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমর (২৬)। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সৌরভ মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলি উদ্‌যাপনের জন্য ছুটিতে নিজ গ্রামে পরিবারের কাছে এসেছিলেন সৌরভ। উৎসবের রাতে তিনি তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাড়ির বাইরে বাজি ফোটাচ্ছিলেন। এ সময় ধীরজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণ নামের দুই গ্রামবাসীর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে এই বাগ্‌বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, উত্তেজনার মধ্যে ধীরজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালান। প্রথম গুলিটি দেয়ালে লাগলেও পরবর্তী গুলিটি সৌরভের কানের পেছন দিয়ে মাথায় আঘাত করে।

গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান সৌরভ। এ সময় ধীরজের ভাই মনু ওরফে প্রবীণ এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যেও সংঘর্ষ হয় বলে অভিযোগ রয়েছে। ধীরজের ভাই লাঠি দিয়ে সৌরভের আরেক ভাই বিনীতের ওপর হামলা চালান বলে জানা গেছে। পাল্টাপাল্টি হামলার একপর্যায়ে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাঁরা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগে তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

সৌরভ তোমর ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বাহিনী ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ঐতিহ্যবাহী ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট।

পরিবারের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনের জন্য ছুটিতে নিজ গ্রামে গিয়েছিলেন তিনি। কিন্তু উৎসবের রাতেই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন।

ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত সৌরভকে বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মিরাট মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করতে সক্ষম হন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা সৌরভের অবস্থা এখনো আশঙ্কাজনক।

ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

বারাউতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চালানো হয়।

জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা (এফআইআর) করা হয়েছে। পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে