×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’

২০২৬ নভেম্বর ১১ ১০:৩৬:০৯
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার শাকপুরা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

মিছিলটির ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ‘মোহাম্মদ ইফতু’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে কয়েকজন যুবককে হাতে মশাল নিয়ে মিছিল করতে এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিতে দেখা যায়।

ওই ফেসবুক পোস্টে মিছিলটিকে ৫ আগস্টের পর বোয়ালখালী যুবলীগ ও ছাত্রলীগের প্রথম ‘অবরোধ ও মশাল মিছিল’ বলে উল্লেখ করা হয়েছে। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনভর সতর্ক টহল জোরদার করে পুলিশ।

অন্যদিকে, অবরোধের নামে নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসের প্রতিবাদে সন্ধ্যায় ‘বোয়ালখালীর বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতিবাদী মোটরসাইকেল মিছিল বের করা হয়।

ঘটনার সত্যতা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে