×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অস্থির বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টসের পাশে ‘এলপিপি’

২০২৬ নভেম্বর ১১ ০৮:৪১:২৫
অস্থির বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টসের পাশে ‘এলপিপি’

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারের অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক ক্রেতা বা বায়ার এবং স্থানীয় কারখানা মালিকদের পারস্পরিক আস্থার ওপর। বিশেষজ্ঞদের মতে, বায়ারদের সঙ্গে সম্পর্ক শুধু ক্রয়াদেশ নেওয়া ও পণ্য সরবরাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে দীর্ঘমেয়াদে শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা কঠিন হবে। এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব।

একটি পোশাক কারখানা পরিচালনায় বিপুল পরিমাণ বিনিয়োগের পাশাপাশি হাজার হাজার শ্রমিকের মজুরি, ব্যাংকঋণ এবং কাঁচামাল কেনার ব্যয় বহন করতে হয়। এমন পরিস্থিতিতে কোনো আন্তর্জাতিক ক্রেতা হঠাৎ ক্রয়াদেশ কমিয়ে দিলে কিংবা অন্য দেশে উৎপাদন সরিয়ে নিলে সংশ্লিষ্ট কারখানা আর্থিক সংকটে পড়তে পারে। এর প্রভাব পড়তে পারে শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকার ওপরও।

তাই শিল্পসংশ্লিষ্টদের মতে, ক্রেতা ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলা এখন সময়ের দাবি। নিয়মিত যোগাযোগ, যৌথ পরিকল্পনা এবং প্রতিকূল সময়ে পারস্পরিক সহযোগিতা কারখানার স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পোল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ফ্যাশন রিটেইল গ্রুপ এলপিপি (LPP) ২০০২ সাল থেকে বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশের পোশাক খাতের অষ্টম বৃহত্তম সোর্সিং পার্টনার।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এলপিপি বছরে বাংলাদেশ থেকে ৭৫ কোটি ডলারের বেশি মূল্যের পোশাক কেনে। দেশের ৩৫০টিরও বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। গত পাঁচ বছরে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির মোট সোর্সিংয়ের পরিমাণ ৩৫০ কোটি ডলার ছাড়িয়েছে।

শিল্পসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে ক্রয়াদেশ ও ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার ফলে স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছে।

দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্কের সুফল তুলে ধরে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেলবটমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান জানান, মাত্র তিনজন কর্মী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ৩৫০ জন বিশেষজ্ঞ কর্মীর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ সময়ে তাদের ব্যবসার পরিধি বেড়েছে ৯০ গুণ।

তার মতে, এলপিপির মতো আন্তর্জাতিক বায়ারদের সঙ্গে নির্ভরযোগ্য সম্পর্ক থাকায় প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় প্রযুক্তি বা অটোমেশন, পরিবেশবান্ধব উদ্যোগ, সামাজিক দায়বদ্ধতা এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পেরেছে।

ডিজাইন এইস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদের মতে, বায়ারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা ব্যবসায়ের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি নতুন সক্ষমতা তৈরিতে বিনিয়োগের আত্মবিশ্বাসও বাড়ায়।

আইরিস ডিজাইন লিমিটেডের (আইডিএল) পক্ষ থেকে বলা হয়েছে, ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং যৌথ উৎপাদন পরিকল্পনা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে।

অন্যদিকে, চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম মনে করেন, বাজারে মন্দা বা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্রেতা এবং উৎপাদনকারী উভয় পক্ষই সংকট মোকাবিলা করতে পারে।

শিল্পসংশ্লিষ্টদের পর্যবেক্ষণ অনুযায়ী, একটি ক্রয়াদেশ কয়েক মাসের কাজের নিশ্চয়তা দিতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদি বিশ্বস্ত অংশীদারত্ব কারখানার উৎপাদন পরিকল্পনা, বিনিয়োগ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ধারাবাহিকতা তৈরি করে।

বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য এই সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আন্তর্জাতিক ক্রেতা ও স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতা বজায় থাকলে শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নের সুযোগ বাড়বে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে