×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত

২০২৬ নভেম্বর ১০ ১৯:২৭:২৯
ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অঙ্গনে প্রায় চার দশকের কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকার ও আর্থিক খাতের জ্যেষ্ঠ নির্বাহী সেলিম বারকাত ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইর ১১২৭তম পরিচালনা পর্ষদের সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ কর্মজীবনে সেলিম বারকাত ব্যাংকিং, বৈশ্বিক ঋণ ও কাউন্টারপার্টি ঝুঁকি ব্যবস্থাপনা, শেয়ারবাজার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন।

সেলিম বারকাত ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত সিটিব্যাংক এনএ বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় বাংলাদেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার মূল দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে সরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকটির সম্পর্ক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ ব্যবস্থাপনায় সহযোগিতা করেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেসরকারীকরণ বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পরামর্শক কার্যক্রমেও সিটিব্যাংকের প্রতিনিধিত্ব করেন।

২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপের বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবসায়িক ও ঝুঁকি ব্যবস্থাপনাসংক্রান্ত পদে দায়িত্ব পালন করেন সেলিম বারকাত। এ সময় বৈশ্বিক অলাভজনক প্রতিষ্ঠানের গ্রাহকগোষ্ঠী এবং বারমুডাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন।

সিনিয়র ক্রেডিট অফিসার ও পোর্টফোলিও ব্যাংকার হিসেবে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক এবং ব্রোকার-ডিলার প্রতিষ্ঠানের পোর্টফোলিও ব্যবস্থাপনাও করেছেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস ও ডিপোজিটরির মতো আর্থিক বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সঙ্গে সিটিগ্রুপের সদস্যপদ এবং সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

পরবর্তী সময়ে উত্তর আমেরিকার বীমা খাতের একটি পোর্টফোলিও পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থায়ন ও একীভূতকরণ-অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) কার্যক্রমেও অংশ নেন।

২০১৯ সালে বাংলাদেশে ফিরে হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেলিম বারকাত। পরে দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পান। এ দায়িত্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপে ব্যাংকটির কার্যক্রম তত্ত্বাবধান করেন।

ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁর নেতৃত্বে বাংলাদেশে এইচবিএলের ব্যবসায়িক কার্যক্রম ধারাবাহিক মুনাফা, শক্তিশালী মূলধন ভিত্তি এবং বাজারের অন্যতম নিম্ন খেলাপি ঋণের হার বজায় রাখতে সক্ষম হয়। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন ব্যবস্থা জোরদারে ভূমিকা রাখেন তিনি।

এ ছাড়া ট্রানজ্যাকশন ব্যাংকিং ও ট্রেজারি কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং চীনকেন্দ্রিক বাণিজ্যিক করিডর ও চীনা মুদ্রা ইউয়ানের তারল্য ব্যবস্থাপনা সম্প্রসারণেও কাজ করেন।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে সেলিম বারকাত ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের (ফিনএক্সেল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট ও সরকারি সংস্থাগুলোর জন্য প্রতিষ্ঠানটিকে শীর্ষস্থানীয় কৌশলগত ও আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ তত্ত্বাবধান করছেন তিনি।

সেলিম বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে সম্মানসহ ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) ডিগ্রিও রয়েছে তাঁর।

এ ছাড়া তিনি FINRA Series 7 সার্টিফিকেশন অর্জন করেছেন, কর্ন ফেরির লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং রাটগার্স বিজনেস স্কুলে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে