×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

২০২৬ নভেম্বর ১০ ১৯:০৪:৩১
এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ১৬ নভেম্বর। জরিমানা ছাড়া ২৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। এরপর বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের শেষ সময় ১৫ নভেম্বর। এর পরদিন থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।

বিভাগভেদে ফরম পূরণের ফি

২০২৭ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভোকেশনাল পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সূচি

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের বিবৃতি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর অনলাইনে এন্ট্রির সময় ১৯ থেকে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। একই সময় ফরম পূরণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারলে ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীপ্রতি ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে আবেদন করা যাবে। এরপর ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীপ্রতি ৩০০ টাকা বিলম্ব ফির পাশাপাশি প্রতিষ্ঠানপ্রতি এক হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ থাকবে।

ভোকেশনাল পরীক্ষার ফি কত

কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, পরীক্ষার ফি ৪০০ টাকা, নম্বরপত্র ফি ৮০ টাকা, সনদপত্র ফি ১২০ টাকা এবং বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা। প্রযোজ্য ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি ৩০০ টাকা দিতে হবে। এ ছাড়া কেন্দ্র ও ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক ফি নির্ধারিত রয়েছে।

ব্যবহারিক পরীক্ষায় ঐচ্ছিক বিষয়সহ ছয়টি বিষয়ের জন্য প্রতি বিষয়ে ৩৫ টাকা হারে মোট ২১০ টাকা দিতে হবে। ভোকেশনাল পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে ২০২৭ সালের ৪ থেকে ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে