×
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা

২০২৬ নভেম্বর ০৮ ১৭:১২:৩১
শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা ও শেয়ারবাজারের অব্যাহত অস্থিরতার মধ্যে বিনিয়োগ গুটিয়ে নেওয়ার প্রবণতা বাড়িয়েছে আন্তর্জাতিক ও বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। অক্টোবর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার কেনার চেয়ে বিক্রির পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় নিট বৈদেশিক বিনিয়োগ ১৮১ কোটি টাকা ঋণাত্মক (আউটফ্লো) অবস্থায় পৌঁছেছে।

ডিএসইর হালনাগাদ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট ২৮৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন, যার বিপরীতে তাদের কেনার পরিমাণ ছিল মাত্র ১০২ কোটি টাকা। ওই মাসে বিদেশিদের মোট লেনদেনের (কেনা ও বেচা মিলে) পরিমাণ ছিল প্রায় ৩৮৫ কোটি টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের প্রেক্ষাপটে বিদেশি ফান্ডগুলো তাদের পোর্টফোলিও নতুন করে সাজাচ্ছে। শেয়ারের দর আকর্ষণীয় পর্যায়ে থাকা সত্ত্বেও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করতে অনেকেই নতুন করে বড় অঙ্কের অর্থ বিনিয়োগে বিলম্ব করছেন।

অক্টোবরে সবচেয়ে বেশি বিদেশি মূলধন প্রত্যাহার হয়েছে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে। এর মধ্যে প্রাইম ব্যাংক থেকে ৫০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। ফলে সেপ্টেম্বর শেষে ব্যাংকে বিদেশিদের ধারিত ৫.১৪ শতাংশ শেয়ার কমে অক্টোবর শেষে দাঁড়ায় ৩.৬৯ শতাংশে। সিটি ব্যাংক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ কোটি টাকা তুলে নিয়েছে বিদেশিরা, যার ফলে তাদের শেয়ারধারণের হার কমে ৭.০৮ শতাংশে নেমে আসে। এছাড়া শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে ৪৬ কোটি টাকার বিদেশি মূলধন প্রত্যাহার হওয়ায় কোম্পানিটিতে বিদেশিদের মালিকানা দাঁড়ায় ১৩.৮৯ শতাংশে।

এই তিন প্রতিষ্ঠান থেকে মোট ১৪৩ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। এছাড়া বহুজাতিক প্রতিষ্ঠান মারিকো বাংলাদেশ থেকে ৭ কোটি টাকা, রেনাটা থেকে ৪ কোটি টাকা এবং লাফার্জহোলসিম সিমেন্ট থেকে ১ কোটি টাকার শেয়ার বিক্রি করা হয়। প্যারামাউন্ট টেক্সটাইল, ডেসকো, আইপিডিসি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, এনসিসি ব্যাংক এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স থেকেও অল্প পরিমাণে শেয়ার বিক্রি করেছে বিদেশিরা।

শেয়ার বিক্রির এই সার্বিক মন্দার মধ্যেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকে। অক্টোবরে বিদেশিদের সবচেয়ে বড় পছন্দের তালিকায় ছিল ব্যাংকটি, যেখানে নতুন করে ১৩.৬০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে। এতে ব্যাংকটিতে বিদেশিদের শেয়ারের হার সেপ্টেম্বর মাসের ৩২.৩৫ শতাংশ থেকে বেড়ে অক্টোবর শেষে ৩২.৪৪ শতাংশে উন্নীত হয়। এছাড়া ওষুধ খাতের বিকন ফার্মাসিউটিক্যালসে ৩.৫ কোটি টাকা এবং বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইলে ১৩ লাখ টাকার নতুন বিদেশি অর্থ এসেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে