×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি

২০২৬ নভেম্বর ০৯ ১৫:০২:৩৬
ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে জুন মাসে হিসাব বছর শেষ হওয়া তিন শতাধিক কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা প্রায় সম্পন্ন হয়েছে। এখন হাতেগোনা কয়েকটি কোম্পানির লভ্যাংশ ঘোষণার অপেক্ষা রয়েছে। তবে অপেক্ষমাণ কোম্পানিগুলোর অধিকাংশই ভালো মৌলভিত্তির নয়। অন্যদিকে, ভালো মৌলভিত্তির কোম্পানিগুলো ইতোমধ্যে ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ঘোষিত লভ্যাংশের পরিমাণও সন্তোষজনক ছিল। এরপরও বাজারে স্থিতিশীলতা ফেরেনি। বরং ধারাবাহিক দরপতনে ক্রমেই তলানির দিকে যাচ্ছে শেয়ারবাজার।

ডিভিডেন্ড ঘোষণার মৌসুমে বাজারে ইতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল না হলে আর কবে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও বিনিয়োগকারীদের মধ্যে।

বাজারসংশ্লিষ্টদের মতে, ডিভিডেন্ড মৌসুমেও শেয়ারবাজার স্থিতিশীল হওয়ার পরিবর্তে কেন অস্থিতিশীল হয়ে উঠছে, তার প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি। কারা বাজারকে অস্থিতিশীল করে নিজেদের স্বার্থ হাসিল করছে, তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাদের মতে, যেকোনো দেশের অর্থনীতিতে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করছে। একসময় শূন্যের কোঠায় নেমে আসা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতি মাসেই ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রেই সরকারের সাফল্য দৃশ্যমান হলেও এর ব্যতিক্রম কেবল শেয়ারবাজার।

অথচ অর্থনীতির অন্যান্য খাতের পাশাপাশি শেয়ারবাজারেও সবচেয়ে বেশি উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা এবং যথাযথ পরিকল্পনার অভাবেই বাজারে স্থিতিশীলতা আসছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বর্তমানে দায়িত্বে থাকা ব্যক্তিরা শেয়ারবাজার যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকি ও সঠিক পদক্ষেপ থাকলে বাজারের এমন নাজুক পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়।

এ অবস্থায় বর্তমান সরকারের উচিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান কমিশন পরিবর্তন করে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া। একই সঙ্গে বর্তমান কমিশনের কাছে জানতে চাওয়া প্রয়োজন, কেন তারা শেয়ারবাজার নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন।

লেনদেন বাড়লেও কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর

এদিকে, আজ (০৯ নভেম্বর) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। অন্যদিকে, লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৮৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯২.৮২ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪.৭১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৯.৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৯২টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৬৮ কোটি ৮০ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৫ কোটি ৯০ লাখ টাকা।

সিএসইতেও সূচকের পতন

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে এক্সচেঞ্জটিতে ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে মোট ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টির দর বেড়েছে, ৮৭টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৫১ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৫৪.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য, আগের কর্মদিবসে সূচকটি ১৫.৭২ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে