×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

এক নবজাতক, দুই পিতা দাবি! বরিশালের হাসপাতালে চাঞ্চল্য

২০২৬ নভেম্বর ০৯ ১৬:১৮:৪৭
এক নবজাতক, দুই পিতা দাবি! বরিশালের হাসপাতালে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর একটি হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে তৈরি হয় জটিল পরিস্থিতি। এক ব্যক্তি নিজেকে নবজাতকের বাবা ও ওই নারীর স্বামী দাবি করার পর আরেক ব্যক্তি একই দাবি নিয়ে হাসপাতালে উপস্থিত হন। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক নারী সন্তান জন্ম দেওয়ার সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে কিছুক্ষণ পর এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে দাবি করেন, শান্তার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং নবজাতকের বাবা তিনি।

এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। প্রায় তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে চলে যান। নিজের দাবির পক্ষে এমদাদুল হাসপাতালে উপস্থিত ব্যক্তিদের বিয়ের কাবিননামাসহ বিভিন্ন নথি দেখান।

তবে এমদাদুলের এসব দাবি অস্বীকার করেছেন শান্তা। তার ভাষ্য, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও তিনি নন।

অন্যদিকে, এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর শুভাস সেখান থেকে চলে যান। এ কারণে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। পরে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ে হয় বলে দাবি স্থানীয়দের। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির পিতৃত্ব ও বৈবাহিক সম্পর্কের দাবি সামনে আসার পর তারা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে