×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন

২০২৬ নভেম্বর ০৭ ২০:৩৫:১৫
৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ৮ নভেম্বর রোববার কি সরকারি ছুটি? সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ায় জনমনে তৈরি হয়েছে কৌতূহল। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দিনটি সাধারণ ছুটি কিংবা নির্বাহী আদেশে ঘোষিত কোনো সরকারি ছুটির দিন নয়। ফলে সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটির দিন হিসেবে নির্ধারিত রয়েছে। অর্থাৎ, এই দিনটি সবার জন্য বাধ্যতামূলক ছুটি নয়।

সরকারি ছুটির তালিকার নিয়ম অনুসারে, সংশ্লিষ্ট ধর্মের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শ্যামাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে সাধারণ ছুটি ঘোষণা না থাকায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির ক্ষেত্রে রয়েছে ভিন্ন সিদ্ধান্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের প্রকাশিত ছুটির সূচি অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রবিবার শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়েছে।

এদিকে, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আগামীকাল রবিবার (৮ নভেম্বর) উদ্‌যাপিত হবে। এটি কালীপূজা নামেও পরিচিত। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এ পূজা অনুষ্ঠিত হয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে