×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ

২০২৬ নভেম্বর ০৭ ২০:২৮:১০
আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ সমাজকর্মী নাইমা খন্দকার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রাণনাশের আশঙ্কা, হুমকি ও হয়রানির অভিযোগ তুলে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় আইনগত সহায়তা না পাওয়ার অভিযোগও করেছেন তিনি। তবে পুলিশের দাবি, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

গত শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে নাইমা খন্দকার প্রশ্ন তোলেন, একজন নারী হিসেবে তিনি নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য কার কাছে যাবেন। পোস্টের শুরুতেই তিনি লেখেন, ‘আমার নিরাপত্তা কোথায়? একজন নারী হিসেবে আজ আমি কার কাছে বিচার চাইব?’

নাইমা খন্দকার জে. হুদা ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক ও সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

ফেসবুক পোস্টে নিজের আশঙ্কার কথা তুলে ধরে তিনি জানান, দাউদকান্দির একটি প্রভাবশালী মহলের ইন্ধনে কয়েকটি ফেসবুক আইডি থেকে তাকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে। যেকোনো সময় তার প্রাণনাশ কিংবা বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ পরিস্থিতিতে দাউদকান্দির সর্বস্তরের মানুষ, দেশের সচেতন নাগরিক, সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নাইমার অভিযোগ, তার শ্বশুর ড. খন্দকার মোশাররফ হোসেনের চিকিৎসার জন্য স্বামী খন্দকার মাহবুব হোসেন তুষার বর্তমানে বিদেশে অবস্থান করছেন। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকার সুযোগে নিজ বাসায় একা থাকা অবস্থায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানো এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পোস্টে নাইমা আরও উল্লেখ করেন, এসব ঘটনার প্রতিকার চেয়ে গত ২০ দিন ধরে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগ জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি বলে তার অভিযোগ।

তিনি জানান, একদিকে নিরাপত্তাহীনতা, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানসিক চাপের মধ্যেই তাকে আইনের পরীক্ষায় অংশ নিতে হয়েছে। এই সময় চরম মানসিক ও শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষার হলে প্রায় জ্ঞান হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার সন্ধ্যায় নাইমা খন্দকার বলেন, একটি রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হওয়ার পরও নিজ এলাকায় তাকে যদি এমন অপপ্রচার ও হয়রানির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ পরিবারের নারীদের নিরাপত্তার বিষয়টি আরও বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তিনি বলেন, শ্বশুর ড. খন্দকার মোশাররফ হোসেন কিংবা স্বামী মাহবুব হোসেন তুষারের পরিচয় ব্যবহার করে কোনো বিশেষ সুবিধা নিতে চান না। একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের সম্মান, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই তার প্রত্যাশা।

এই বিষয়ে শনিবার সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। নাইমা খন্দকার মৌখিকভাবে ফেসবুকে তাকে নিয়ে লেখালেখির বিষয়টি জানিয়েছেন। তবে তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টগুলো শনাক্ত করার জন্য সাইবার ক্রাইম ইউনিটে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে