×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’

২০২৬ নভেম্বর ০৫ ১১:৫৬:০০
‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ ও প্রকাশের কারণে তাহসিফ কোনো ষড়যন্ত্রমূলক প্রতিহিংসার শিকার হয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, সাহসের সঙ্গে শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছিলেন তাহসিফ। তিনি ওই ভিডিও ধারণ না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা ও রহস্যঘেরা থেকে যেত।

তিনি আরও বলেন, ভিডিওটি প্রকাশের কারণে তাহসিফ কোনো ষড়যন্ত্রমূলক প্রতিহিংসার শিকার হয়েছিলেন কি না, নাকি হত্যাকাণ্ডের পেছনে প্রেমঘটিত কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগের রাতে তিনি এ মামলার দুই আসামি জেরিকা তাসনিম দিশা ও দ্বীপের সঙ্গে ছিলেন বলে জানান তিনি।

ওই রাতে দিশাকে নিয়ে তাহসিফ ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’ এবং ‘সিপি ফাইভ স্টার’ রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে তাঁরা একসঙ্গে সময় কাটান বলেও আদালতে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ফারুকী বলেন, হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে দিশা ও অন্য আসামিকে গ্রেপ্তার করে প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল। তবে আসামিরা এখনো অনেক তথ্য গোপন করছেন বলে দাবি করেন তিনি।

মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে জেরিকা তাসনিম দিশাকে আরও সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদালত তাঁর দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে তাহসিফের মৃত্যুর পেছনে ভিডিও প্রকাশ, প্রতিহিংসা নাকি ব্যক্তিগত সম্পর্ক—কোনো বিষয়ই এখন পর্যন্ত চূড়ান্তভাবে প্রমাণিত নয়। এসব সম্ভাবনা তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে