×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক

২০২৬ নভেম্বর ০৫ ১১:৪৫:১৯
ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর ডোমার উপজেলায় স্ত্রীর সঙ্গে এক যুবকের যোগাযোগের বিষয়টি জানতে পেরে অভিনব কৌশলে তাকে ডেকে আনেন স্বামী। প্রেমিকার সঙ্গে দেখা করতে সন্দেশ নিয়ে নির্জন বাঁশঝাড়ে হাজির হওয়ার পর স্থানীয়দের হাতে আটক হন ওই যুবক।

নীলফামারীর ডোমার উপজেলায় স্ত্রীর সঙ্গে যোগাযোগ থাকা এক যুবককে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করেছেন এক স্বামী। স্ত্রীর ব্যবহৃত স্মার্টফোন থেকে ওই যুবকের সঙ্গে মেসেজে কথা বলে তাকে বাড়ির পাশের নির্জন বাঁশঝাড়ে আসতে বলা হয়। প্রেমিকার সঙ্গে দেখা করতে সন্দেশ নিয়ে সেখানে হাজির হলে আটক হন মো. মাসুদ রানা (২৮)।

বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় ট্রাক্টরচালক মাসুদের প্রায় ছয় মাস ধরে যোগাযোগ ছিল। বিষয়টি জানতে পারেন ওই গৃহবধূর স্বামী।

এরপর তিনি স্ত্রীর ব্যবহৃত স্মার্টফোনটি নিয়ে মাসুদের সঙ্গে মেসেজে কথোপকথন শুরু করেন। একপর্যায়ে রাতে বাড়ির পাশের নির্জন বাঁশঝাড়ে দেখা করতে বলা হয় মাসুদকে। মেসেজের অপর প্রান্তে স্ত্রী রয়েছেন—এমন ধারণা থেকে মাসুদ বাজার থেকে সন্দেশ কিনে সেখানে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি স্ত্রীর স্বামীর মুখোমুখি হন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

তবে ওই গৃহবধূর দাবি, মাসুদের সঙ্গে তার ছয় মাস ধরে যোগাযোগ থাকলেও তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। তার অভিযোগ, স্বামী কৌশলে মাসুদকে সেখানে ডেকে এনেছেন।

স্থানীয়দের ভাষ্য, মাসুদ প্রায়ই ওই এলাকায় যাতায়াত করতেন। তবে কী কারণে তিনি সেখানে আসতেন, তা আগে তাদের জানা ছিল না। আটকের ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

ডোমার থানা পুলিশ জানায়, ঘটনার পর মাসুদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে