×
ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬

জুলাইয়ের ধাক্কা কাটিয়ে পোশাক রপ্তানিতে টানা তিন মাস প্রবৃদ্ধি

২০২৬ নভেম্বর ০২ ১০:০৯:৫৯
জুলাইয়ের ধাক্কা কাটিয়ে পোশাক রপ্তানিতে টানা তিন মাস প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে টানা তিন মাস ধরে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—প্রতিটি মাসেই আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে। যদিও অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয় কমেছিল, পরের তিন মাসের ধারাবাহিক প্রবৃদ্ধিতে সামগ্রিক হিসাবে ইতিবাচক অবস্থানে ফিরেছে দেশের প্রধান রপ্তানি খাত।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ৬০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ।

রোববার (১ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমেছিল। তবে আগস্ট থেকেই রপ্তানিতে ইতিবাচক ধারা ফিরে আসে।

মাসভিত্তিক হিসাবে আগস্টে পোশাক রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ৯২ শতাংশ। সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ এবং অক্টোবরে ৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ জুলাইয়ের নেতিবাচক প্রবৃদ্ধির পর টানা তিন মাস রপ্তানি আয় বেড়েছে।

চলতি বছরের অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩১৬ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ৩০১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ডলার।

ফলে এক বছরের ব্যবধানে অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ১৪ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলার। শতকরা হিসাবে এ প্রবৃদ্ধি ৪ দশমিক ৯০ শতাংশ।অক্টোবর মাসে তৈরি পোশাকের দুই প্রধান উপখাত নিটওয়্যার ও ওভেন—উভয় ক্ষেত্রেই রপ্তানি আয় বেড়েছে। তবে প্রবৃদ্ধির হারে এগিয়ে রয়েছে নিটওয়্যার।

অক্টোবরে নিটওয়্যার পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৭৬ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার। আগের বছরের একই মাসে এ আয় ছিল ১৬৫ কোটি ৭৮ লাখ ডলার। সে হিসাবে নিটওয়্যার খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ।

অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি থেকে অক্টোবরে আয় হয়েছে ১৪০ কোটি ২৫ লাখ ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ১৩৬ কোটি ২১ লাখ ৪০ হাজার ডলার। ফলে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৯৬ শতাংশ।অর্থবছরের প্রথম চার মাসের হিসাবেও নিটওয়্যার খাত তুলনামূলকভাবে ভালো করেছে।

জুলাই-অক্টোবর সময়ে নিটওয়্যার রপ্তানি থেকে আয় হয়েছে ৭৭২ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৭২৩ কোটি ৭৮ লাখ ডলার। ফলে এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৯ শতাংশ।

অন্যদিকে, একই সময়ে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬০১ কোটি ৭৩ লাখ ডলার। আগের অর্থবছরের প্রথম চার মাসে এ আয় ছিল ৫৭৫ কোটি ২৫ লাখ ৬০ হাজার ডলার। সে হিসাবে ওভেন খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ।

সামগ্রিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, জুলাইয়ে রপ্তানি আয় কমলেও আগস্ট থেকে পোশাক খাতে প্রবৃদ্ধি ফিরে এসেছে। পরবর্তী দুই মাসেও এ ধারা অব্যাহত থাকায় অর্থবছরের প্রথম চার মাসে মোট রপ্তানি আয় আগের বছরের তুলনায় বেড়েছে।

নিটওয়্যার ও ওভেন—দুই উপখাতের আয় বৃদ্ধিই সামগ্রিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে প্রবৃদ্ধির হারে নিটওয়্যার খাত এগিয়ে রয়েছে। দেশের প্রধান রপ্তানি খাতে টানা তিন মাসের এই ইতিবাচক প্রবণতা অর্থবছরের শুরুর জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে