×
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিশাল লোকসানে ধুঁকছে শেয়ারবাজারের বড় দুই ব্যাংক

২০২৬ অক্টোবর ৩১ ১৫:৫২:০৩
বিশাল লোকসানে ধুঁকছে শেয়ারবাজারের বড় দুই ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বড় দুই বেসরকারি ব্যাংক—ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ন্যাশনাল ব্যাংক আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। উচ্চ খেলাপি ঋণ এবং বিনিয়োগ থেকে আয় হ্রাসের কারণে চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংক দুটি সম্মিলিতভাবে ৬ হাজার ৩০৩ কোটি টাকার বিশাল লোকসানের মুখে পড়েছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংকের লোকসান হয়েছে ৩ হাজার ০১৬ কোটি ৮৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পর্ষদ সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় এবং পরে তা প্রকাশ করা হয়।

এক বছরে মুনাফা থেকে বড় লোকসানে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশের আর্থিক অবস্থার অবনতি সবচেয়ে বেশি চোখে পড়েছে। ২০২৫ সালের প্রথম নয় মাসে ব্যাংকটি সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিতভাবে প্রায় ১০০ কোটি টাকা মুনাফা করেছিল। কিন্তু এক বছরের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে এসে চলতি বছরের একই সময়ে ৩ হাজার ২৮৬ কোটি টাকা লোকসান করেছে। সহযোগী প্রতিষ্ঠান বাদ দিয়ে শুধু ব্যাংকের নিজস্ব হিসাবে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩০২ কোটি ৫৭ লাখ টাকা। বিশেষ করে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে একাই ১ হাজার ৯৭০ কোটি ১৮ লাখ টাকা লোকসান করেছে ব্যাংকটি।

লোকসানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইসলামী ব্যাংক জানিয়েছে, শ্রেণিকৃত বা খেলাপি বিনিয়োগের উচ্চমাত্রার কারণে আয় কমে গেছে। বিশেষ করে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে বড় অঙ্কের বিনিয়োগের বিপরীতে অর্থ আত্মসাতের ঘটনা এবং পুরোনো অনিয়মের জেরে এসব বিনিয়োগ থেকে আয় স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি আমানতের পরিমাণ কমলেও আমানতকারীদের বিপরীতে মুনাফা ব্যয়ের পরিমাণ বেড়েছে। এসব কারণে ব্যাংকটির আয় ও মুনাফায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

শুধু মুনাফা নয়, ব্যাংকটির নগদ প্রবাহের অবস্থাও উদ্বেগজনক। চলতি বছরের প্রথম নয় মাসে ইসলামী ব্যাংকের পরিচালন নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ঋণাত্মক ৩৬ টাকা ৫৪ পয়সায় নেমেছে। ব্যাংকটি জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে অস্বাভাবিক পরিস্থিতিতে আমানত প্রত্যাহারের কারণে নগদ প্রবাহে এই অবনতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মূলধন শক্তিশালী করা, খেলাপি বিনিয়োগ আদায়, সম্পদের মান উন্নয়ন এবং আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে ব্যাংকটি ১৩৬ কোটি টাকা মুনাফা করলেও শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি।

চার বছরেই ৮ হাজার ৮৯৭ কোটি টাকা লোকসান ন্যাশনাল ব্যাংকের

ন্যাশনাল ব্যাংকের আর্থিক পরিস্থিতিও ক্রমেই খারাপ হয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটি ৩ হাজার ১৬ কোটি ৮৯ লাখ টাকা লোকসান করেছে। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ হাজার ৪৪৮ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির লোকসান ছিল ২ হাজার ২৮৩ কোটি ৮৫ লাখ টাকা। পরবর্তী তিন মাসে আরও ৭৩৩ কোটি ৪ লাখ টাকা লোকসান হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, ঋণ ও অগ্রিমের একটি অংশ শ্রেণিকৃত হওয়া এবং আদায় না হওয়ায় সেসব ঋণ থেকে সুদ আয় হিসাবভুক্ত করা সম্ভব হয়নি। অন্যদিকে আমানত ও ঋণের বিপরীতে সুদ ব্যয় বেড়েছে। ফলে ব্যাংকটির পরিচালন কার্যক্রমেও লোকসান তৈরি হয়েছে। ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে বড় অঙ্কের লোকসান করে আসছে ন্যাশনাল ব্যাংক। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চার বছরে ব্যাংকটির লোকসান হয়েছে ৮ হাজার ৮৯৭ কোটি ২৮ লাখ টাকা। চলতি বছরের প্রথম নয় মাসের লোকসান যোগ করলে ২০২২ সালের শুরু থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৯১৪ কোটি ১৭ লাখ টাকা।

৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা

ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে ৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে এই অর্থ দেওয়া হয়েছে। তবে অর্থ ব্যবহারে বেশ কিছু শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে রয়েছে, ন্যাশনাল ব্যাংকের সাবেক ও বর্তমান পরিচালকদের আমানত ফেরত দিতে এই অর্থ ব্যবহার করা যাবে না। একইভাবে নতুন ঋণ বিতরণেও সহায়তার অর্থ ব্যয় করা যাবে না।

এর আগে গ্রাহকদের আমানত উত্তোলন ও নতুন আমানত জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় থাকা ন্যাশনাল ব্যাংক অক্টোবরের মাঝামাঝি সময়ে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু করে। বর্তমানে গ্রাহকেরা সব শাখা ও এটিএম বুথ থেকে প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারছেন। কিছু শাখায় ব্যবসায়িক হিসাবেও নতুন আমানত নেওয়া শুরু হয়েছে। তবে বিপুল লোকসান, খেলাপি ঋণের চাপ এবং আয় সংকটের মধ্যে ব্যাংকটি কতটা দ্রুত আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে, সেটিই এখন বড় প্রশ্ন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে