×
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো

২০২৬ অক্টোবর ২৬ ১০:০৩:৪৫
বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো

নিজস্ব প্রতিবেদক: পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (২৬ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে শক্তি বাড়িয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য গতিপথ অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-৫-এ গভীর নিম্নচাপটির অবস্থান, গতিপথ ও সমুদ্র পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার গভীর নিম্নচাপটি ১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এর আগে মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৮০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৭৫৫ কিলোমিটার, মোংলা থেকে ৮০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে ছিল।

গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজই পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে কেন্দ্রের আশপাশের সাগর খুবই উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ও শক্তির পরিবর্তনের বিষয়ে পরবর্তী আবহাওয়া বুলেটিন অনুসরণ করা জরুরি। ঘূর্ণিঝড়ের গতিপথ ও তীব্রতার পূর্বাভাস পরিবর্তিত হতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে