×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ইউএনওর নাম কেন লিখলেন এসিল্যান্ড? সামনে এল ঘটনার বিবরণ

২০২৬ অক্টোবর ২৪ ১৯:৪১:০৩
ইউএনওর নাম কেন লিখলেন এসিল্যান্ড? সামনে এল ঘটনার বিবরণ

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তের ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে এবং প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের কথা জানিয়ে দুটি পোস্ট দেন তিনি। পরে তার শারীরিক ও আচরণগত পরিস্থিতির অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দুটি প্রকাশ করা হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে লেখা হয়, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’

পোস্ট দুটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়। তবে কেন তিনি ইউএনওর নাম উল্লেখ করে এমন পোস্ট দিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানা যায়নি।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক জানান, শুক্রবার রাতে তার তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের আয়োজন ছিল। ওই অনুষ্ঠানে এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত স্ত্রীসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাসা থেকে বের হওয়ার পরই তিনি ফেসবুকে পোস্টগুলো দেন বলে ইউএনও জানান।

শিল্পী রাণী মোদকের ভাষ্য, পোস্ট দেওয়ার পর আরিফুর রহমানের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তিনি এক আনসার সদস্যকে মারধর করেন এবং ইউএনওর তিন বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন ইউএনও। এ ছাড়া রাস্তায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কথাও জানান তিনি।

ইউএনও বলেন, আরিফুর রহমান কেন ফেসবুক পোস্টে তার নাম উল্লেখ করেছেন, তা তিনি নিজেও বুঝতে পারছেন না।

ফেসবুক পোস্টের বিষয়টি জানার পর জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়াসহ কয়েকজন দ্রুত এসিল্যান্ডের বাসায় যান। ওসির ভাষ্য অনুযায়ী, সেখানে পরিস্থিতি বিবেচনা করে আরিফুর রহমানের স্ত্রীকে পরামর্শ দেওয়া হয় এবং তাকে একটি ঘুমের ওষুধ দেওয়া হয়। তবে এতে তার আচরণ স্বাভাবিক হয়নি।

পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ইনজেকশন খোঁজা হলেও তা স্থানীয়ভাবে পাওয়া যায়নি বলে জানান ওসি। রাত প্রায় ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে সিলেটে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান।

আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন।

ইউএনও শিল্পী রাণী মোদক জানিয়েছেন, আরিফুর রহমান মানসিকভাবে অসুস্থতা ও ট্রমার মধ্যে ছিলেন বলে তার ধারণা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক মূল্যায়নের তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় ফেসবুক পোস্টের কারণ এবং সংশ্লিষ্ট অভিযোগগুলো নিয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়। আরিফুর রহমানের বক্তব্যও পাওয়া যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে