×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ছুটি শেষে বাসায় ফিরেই মাথায় হাত, ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উধাও

২০২৬ অক্টোবর ২৪ ১৯:১৫:৫৮
ছুটি শেষে বাসায় ফিরেই মাথায় হাত, ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উধাও

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী শহরে পূজার ছুটি কাটিয়ে ভাড়া বাসায় ফিরে চুরির ঘটনা দেখতে পেয়েছেন সুখন চৌধুরী নামে এক ব্যক্তি। বাসার পেছনের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া টাকা দিয়ে একটি ডাইং কারখানা কেনার পরিকল্পনা করেছিলেন তিনি। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

শনিবার (২৪ অক্টোবর) নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা জানাজানি হয়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী সুখন চৌধুরী গত পাঁচ বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, নিজের একটি ডাইং কারখানা গড়ে তোলার পরিকল্পনা থেকে সুখন গ্রামের জমি বিক্রি করেন। জমি বিক্রির ৫০ লাখ টাকা নরসিংদীর বাসার আলমারিতে রেখে স্ত্রী-সন্তানদের নিয়ে দুর্গাপূজা উদযাপন করতে গ্রামের বাড়িতে যান। গত ১৮ অক্টোবর বাসায় তালা দিয়ে যাওয়ার পর শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ফিরে চুরির বিষয়টি টের পান তারা।

সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাসায় ফিরে তারা দেখেন, চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খোলা যাচ্ছে না। তালা কাটার পরও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। পরে বাসার পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান। স্থানীয়দের সহায়তায় ওই গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করেন সুখন।

পরে ফ্ল্যাটের দরজা খুলে পরিবারের সদস্যরা ভেতরে ঢুকে ঘরের আসবাবপত্র ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। আলমারিও ভাঙা ছিল। সেখানে রাখা ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার খুঁজে পাননি তারা।

সুখন চৌধুরী বলেন, গ্রামের জমি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে একটি ডাইং কারখানা কেনার পরিকল্পনা করেছিলেন তিনি। কারখানা কেনার বিষয়ে কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। কিন্তু বাসায় রাখা টাকা ও স্ত্রীর গয়না চুরি হয়ে যাওয়ায় তার দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে গেছে।

এ ঘটনায় শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

নরসিংদী মডেল থানার ওসি এম আর আল মামুন জানান, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে