×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০২৬ অক্টোবর ২১ ২১:৪৪:৩০
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। এর ফলে অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বকেয়া বেতন-ভাতা পাওয়ার প্রত্যাশা করছেন সরকারি চাকরিজীবীরা। তবে নতুন বেতনকাঠামোর সব সুবিধা একসঙ্গে কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে মূল বেতন ও ভাতা বাস্তবায়নের পরিকল্পনা থাকায় পূর্ণাঙ্গ সুবিধা পেতে আরও সময় লাগতে পারে।

গত ৫ অক্টোবর থেকে নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী নতুন মূল বেতন নির্ধারণের কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার এ কার্যক্রমের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। পে ফিক্সেশনের মাধ্যমে কর্মচারীদের নতুন মূল বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং প্রাপ্য বকেয়া অর্থের হিসাব নির্ধারণ করা হচ্ছে।

আইবাস++-এর পাইলটিং কার্যক্রমের তথ্যমতে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী জুন ২০২৬ মাসের বেতন-ভাতা উত্তোলন এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেতন-ভাতার বিল জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন না হলে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করা যাবে না।

অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন বেতনকাঠামো অনুসারে অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া অর্থ দেওয়ার কথা রয়েছে। তবে প্রত্যেক কর্মচারীর বকেয়ার পরিমাণ এক হবে না। কর্মচারীর গ্রেড, আগের মূল বেতন, নতুন নির্ধারিত বেতন এবং বেতনকাঠামো কার্যকরের সময় বিবেচনায় নিয়ে বকেয়ার হিসাব নির্ধারণ করা হবে।

দীর্ঘদিন নতুন বেতনকাঠামো না থাকায় মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেতনবৈষম্য নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছিল। এর মধ্যে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন দেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ প্রকাশ করা হয়। আদেশটি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য করা হয়েছে।

নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর হিসেবে গণ্য হলেও এর সব সুবিধা একসঙ্গে চালু হচ্ছে না। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, কয়েকটি ধাপে নতুন কাঠামোর মূল বেতন বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা অনুসারে, প্রথম ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন কাঠামোর মূল বেতন কার্যকর করার কথা রয়েছে। অন্যদিকে, সংশোধিত বেতনকাঠামো অনুযায়ী ভাতা কার্যকরের নির্ধারিত সময় ২০২৮ সালের ১ জানুয়ারি।

এদিকে মঙ্গলবার অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেসব প্রচলিত ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে দেওয়া হয়, সেগুলো ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে।

অর্থাৎ, পে ফিক্সেশন কার্যক্রম শেষ হলেও সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর সব সুবিধা পেতে ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাওয়ার কথা থাকলেও প্রকৃত প্রাপ্য অর্থ নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মচারীর বেতন নির্ধারণ ও বিল পরিশোধের প্রক্রিয়ার ওপর।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে