×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর

২০২৬ অক্টোবর ২১ ০৯:৪৮:২০
ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ওমরাহ পালনে যাওয়া মুসল্লিদের চলাচল সহজ করা এবং ভিড় এড়িয়ে নির্বিঘ্নে ইবাদতের সুযোগ করে দিতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এ সেবার মাধ্যমে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ভিড়ের হালনাগাদ পরিস্থিতি জানা যাবে। পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মানচিত্রের সাহায্যে দুই পবিত্র মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, সেবাকেন্দ্র ও যাতায়াতের পথ খুঁজে নিতে পারবেন মুসল্লিরা।

সৌদি আরবের হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ধর্মপ্রাণ মুসল্লিদের সেবার মান উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সমবেত হন। বিশেষ করে রমজান মাস, ওমরাহর ব্যস্ত মৌসুম এবং ছুটির দিনগুলোতে মুসল্লিদের উপস্থিতি বেড়ে যায়। এ সময় তাওয়াফ, সাঈ, যাতায়াত ও বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

নতুন ডিজিটাল সেবার মাধ্যমে মুসল্লিরা পবিত্র দুই মসজিদের বিভিন্ন এলাকায় ভিড়ের পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা পেতে পারবেন। এর ফলে চলাচল ও ইবাদতের পরিকল্পনা করা সহজ হবে এবং অতিরিক্ত ভিড়ের কারণে অপ্রয়োজনীয় অপেক্ষা কমানোর সুযোগ তৈরি হবে।

নতুন সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো, পবিত্র কাবা শরিফের চারপাশে তাওয়াফের এলাকা এবং সাফা ও মারওয়ার মধ্যবর্তী সাঈয়ের পথে ভিড়ের পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়ার সুবিধা। এসব তথ্য বিবেচনায় নিয়ে মুসল্লিরা তাঁদের চলাচল ও ইবাদতের সময় পরিকল্পনা করতে পারবেন।

বিশেষ করে বয়স্ক মুসল্লি, শিশুদের নিয়ে আসা পরিবার এবং চলাচলে শারীরিক সীমাবদ্ধতা রয়েছে—এমন ব্যক্তিদের জন্য সুবিধাটি সহায়ক হতে পারে। তবে ভিড়ের তথ্য পরিস্থিতি সম্পর্কে ধারণা দিলেও নির্দিষ্ট সময়ে অপেক্ষা করতে হবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা দেয় না। তাই মুসল্লিদের কর্তৃপক্ষের নির্দেশনা ও নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করতে হবে।

নতুন সেবার সঙ্গে যুক্ত করা হয়েছে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মানচিত্র। এর মাধ্যমে মসজিদুল হারাম ও মসজিদে নবববীর গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, সেবাকেন্দ্র এবং প্রয়োজনীয় স্থাপনার অবস্থান জানা যাবে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ডিজিটাল মানচিত্রে প্রায় ৯৫০টি গুরুত্বপূর্ণ স্থান ও পয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ১৭টির বেশি শ্রেণিতে এক লাখেরও বেশি সম্ভাব্য চলাচলের পথের নির্দেশনা রাখা হয়েছে। ফলে নির্দিষ্ট স্থান বা প্রয়োজনীয় সেবা খুঁজে পেতে মুসল্লিদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে প্রথমবারের মতো সৌদি আরবে যাওয়া বিদেশি ওমরাহযাত্রীদের জন্য এ সুবিধা গুরুত্বপূর্ণ হতে পারে। অপরিচিত পরিবেশে প্রয়োজনীয় স্থানের অবস্থান ও যাতায়াতের পথ সম্পর্কে আগাম ধারণা পাওয়ায় তাঁদের চলাচল আরও সহজ হবে।

নতুন ডিজিটাল ব্যবস্থায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী মুসল্লিদের সুবিধার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তাঁদের জন্য সহজে প্রবেশযোগ্য স্থান এবং উপযোগী চলাচলের পথ চিহ্নিত করার ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া পবিত্র মসজিদ দুটির প্রাঙ্গণে স্থাপিত ডিজিটাল স্ক্রিন ও বিভিন্ন স্থানে থাকা কিউআর কোডের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। এসব সুবিধা মুসল্লিদের তথ্যপ্রাপ্তি সহজ করার পাশাপাশি প্রয়োজনীয় সেবা খুঁজে নিতে সহায়তা করবে।

সৌদি আরবে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিপুলসংখ্যক মুসল্লির চলাচল সহজ করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন ডিজিটাল সেবাটিও সেই প্রচেষ্টার অংশ।

সংশ্লিষ্ট উদ্যোগের ফলে ওমরাহযাত্রীরা ভিড়ের পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলাচল ও ইবাদতের পরিকল্পনা করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতে অপ্রয়োজনীয় অপেক্ষা কমানো এবং পবিত্র দুই মসজিদে ইবাদতের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করার সুযোগ তৈরি হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে