×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক

২০২৬ অক্টোবর ১৩ ২০:৪৮:৩৯
একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক: বিদেশে বিভিন্ন বাংলাদেশ মিশনে সফলভাবে দায়িত্ব পালন করে আসা তিনজন জ্যেষ্ঠ নারী হাইকমিশনার ও রাষ্ট্রদূতকে একযোগে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

পদোন্নতি পাওয়া কূটনীতিকরা হলেন— ব্রুনাই দারুস সালামে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত নাহিদা রহমান সুমনা।

এই কর্মকর্তাদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা হিসেবে কূটনৈতিক সেবায় যোগ দেন।

নিউজিল্যান্ডের ওয়েলিংটন মিশনে নিযুক্ত হওয়ার আগে সামিনা নাজ ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ওয়েলিংটনে তিনি বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পান।

এর আগে ২০১৩ সালে ভারতের মুম্বাইতে বাংলাদেশ মিশন চালুর সময় তিনি সেখানকার প্রথম ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে ইতিহাস গড়েছিলেন, যা ছিল কোনো নারীর নেতৃত্বে প্রথম মিশন চালুর ঘটনা। এছাড়া হেগ, দিল্লি এবং নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনেও তিনি দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে গ্রিসের এথেন্সে যাওয়ার আগে টানা চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার পদে ছিলেন নাহিদা রহমান সুমনা। দীর্ঘ কূটনৈতিক পথচলায় তিনি ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন।

১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া নওরীন আহসান তার বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে প্রিটোরিয়া, হেগ এবং অটোয়ার বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে