×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির

২০২৬ অক্টোবর ১৩ ১৭:৩২:২২
স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্যাশ ডিভিডেন্ড বিতরণে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে ঘোষিত ডিভিডেন্ডের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা এবং সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে তা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করতে হবে। এসব শর্ত পূরণ না হলে এজিএমে ডিভিডেন্ডসংক্রান্ত কোনো প্রস্তাব উত্থাপন করা যাবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

বিএসইসি জানিয়েছে, বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি বার্ষিক বা চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলে এজিএমের অন্তত এক দিন আগে ঘোষিত ডিভিডেন্ডের সম্পূর্ণ অর্থ বিতরণের উদ্দেশ্যে পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। এ অর্থ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করাও বাধ্যতামূলক।

ব্যাংকের প্রত্যয়নপত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়নের পর এজিএমে উপস্থাপন করতে হয়। পাশাপাশি প্রত্যয়নপত্রটি সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোতেও জমা দেওয়ার বিধান রয়েছে।

তবে সম্প্রতি কয়েকটি কোম্পানির ক্ষেত্রে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। ডিভিডেন্ড বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে বিদ্যমান নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনী আনারও সিদ্ধান্ত হয়েছে।

এদিকে তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং পরবর্তী সংশোধনীর আওতায় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন পাওয়ার পর বিএসইসি সম্মতি দেবে।

এ ছাড়া করপোরেট গভর্ন্যান্স কোডের নির্দিষ্ট বিধান অনুযায়ী কোনো স্বতন্ত্র পরিচালককে যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তে আগে অব্যাহতি বা শিথিলতা দেওয়া হয়ে থাকলে, তা নতুন নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে অন্য তালিকাভুক্ত কোম্পানিতে নিয়োগ কিংবা সংশ্লিষ্ট কোম্পানিতে পুনর্নিয়োগের জন্য একই বিষয়ে নতুন করে অব্যাহতি নেওয়ার প্রয়োজন হবে না।

বিএসইসির মতে, এ সিদ্ধান্তের ফলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রশাসনিক জটিলতা কমবে এবং প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে