×
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব

২০২৬ অক্টোবর ০৯ ০৯:৩৬:১৩
ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন ব্যয় মেটাতে চলতি অক্টোবর মাসে ব্যাংকব্যবস্থা থেকে ৬০ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। চলতি অর্থবছরের মাসগুলোর মধ্যে অক্টোবরে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা সর্বোচ্চ। তবে এই ঋণের একটি বড় অংশ আগের ঋণ পরিশোধ ও বিভিন্ন সরকারি ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে বকেয়া অর্থও পরিশোধের পরিকল্পনা রয়েছে। এ জন্য বাড়তি অর্থের প্রয়োজন হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি, রাজস্ব আদায়ে প্রত্যাশিত অগ্রগতি না থাকা এবং বিদেশি ঋণ ছাড়ের তুলনায় পরিশোধের চাপ বাড়ায় সরকারকে ব্যাংক থেকে বেশি ঋণ নিতে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নতুন পে স্কেল অনুযায়ী বেতন ও বকেয়া পরিশোধের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি খাতে সরকারের ব্যয় বেড়েছে। অন্যদিকে রাজস্ব আয় আশানুরূপ না হওয়ায় এবং বিদেশি ঋণ ছাড়ের তুলনায় পরিশোধ বেশি হওয়ায় অর্থের ঘাটতি পূরণে ব্যাংকঋণের ওপর নির্ভর করতে হচ্ছে সরকারকে।

সরকার সাধারণত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেয়। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এসব বিল ও বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়। সাধারণত প্রতি রোববার বিল এবং মঙ্গলবার বন্ডের নিলাম হয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে এসব সরকারি সিকিউরিটিজ কেনা হয়।

চলতি মাসের গত সপ্তাহে বিভিন্ন মেয়াদি ট্রেজারি বিলের মাধ্যমে সরকার ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। মঙ্গলবার বন্ডের নিলামের মাধ্যমে নেওয়া হয়েছে আরও ৫ হাজার ৮০০ কোটি টাকা। সরকারি ছুটির কারণে আগামী মঙ্গলবারের নিলাম এক দিন এগিয়ে সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নিলামের মাধ্যমে আরও ৪ হাজার কোটি টাকা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে অক্টোবর মাসে ট্রেজারি বিলের মাধ্যমে আরও ৩৫ হাজার কোটি টাকা এবং বন্ডের মাধ্যমে সাড়ে ৯ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে চলতি মাসে সরকারের ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা দাঁড়াচ্ছে ৬০ হাজার ৩০০ কোটি টাকা।

আগামী মাসগুলোতেও ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। নভেম্বর মাসে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ৫৩ হাজার ৮০০ কোটি টাকা এবং ডিসেম্বর মাসে ৩৮ হাজার ২০০ কোটি টাকা নেওয়ার লক্ষ্য রয়েছে। এর আগে চলতি অর্থবছরের জুলাইয়ে নিলামের মাধ্যমে ৫৬ হাজার কোটি টাকা, আগস্টে ৫০ হাজার কোটি টাকা এবং সেপ্টেম্বরে ৪১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংকব্যবস্থা থেকে সরকার নিট ১২ হাজার ৮৭২ কোটি টাকা ঋণ নিয়েছে। এতে ব্যাংকব্যবস্থায় সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৩৪৮ কোটি টাকা।

তথ্য অনুযায়ী, এ সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের তুলনায় ৩ হাজার ৭২৯ কোটি টাকা বেশি পরিশোধ করেছে সরকার। ফলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের ঋণের স্থিতি কমে ৯০ হাজার ৩২৩ কোটি টাকায় নেমেছে। বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ ১৬ হাজার ৬০১ কোটি টাকা বেড়ে আগস্ট শেষে ৬ লাখ ৮ হাজার ২৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংকব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আগের অর্থবছরে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও শেষ পর্যন্ত সরকার ব্যাংক থেকে ১ লাখ ৩৪ হাজার ৫৭১ কোটি টাকা নিয়েছিল।

বিশ্লেষকদের মতে, বাজেট ঘাটতি পূরণ ও পুরোনো ঋণ পরিশোধে সরকারের ব্যাংকঋণ নেওয়া নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে ঋণের পরিমাণ বাড়লে সরকারি ব্যয় ব্যবস্থাপনা, ব্যাংকের তারল্য এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহের ওপর কী প্রভাব পড়ে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে