×
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির

২০২৬ অক্টোবর ০৮ ১৮:১৬:৫১
দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: দেশীয় বাজারে বিক্রি কমে গেলেও রপ্তানি আয়ে বড় উত্থান দেখেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিস্কুট ও কনফেকশনারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বঙ্গস লিমিটেড। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির স্থানীয় বাজারে বিস্কুট ও পাউরুটি বিক্রি আগের বছরের তুলনায় কমেছে, বিপরীতে রপ্তানি বেড়েছে ৪১ শতাংশ।

কোম্পানিটির নিরীক্ষা প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে স্থানীয় বাজারে বিস্কুট ও পাউরুটি বিক্রি হয়েছে ১৪ কোটি ৫৭ লাখ টাকার। আগের অর্থবছরে এ বিক্রির পরিমাণ ছিল ১৭ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশীয় বিক্রি কমেছে ১৮ দশমিক ৬৪ শতাংশ।

অন্যদিকে, একই সময়ে কোম্পানিটির রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বঙ্গসের রপ্তানি দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৮৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরে রপ্তানি বেড়েছে ৪১ শতাংশ।

দেশীয় বাজারে বিক্রির এই পতনের প্রভাব পড়েছে কোম্পানিটির মুনাফাতেও। ২০২৫-২৬ অর্থবছর শেষে বঙ্গস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২৮ পয়সা। অর্থাৎ এক বছরে ইপিএস কমেছে ৪ পয়সা।

কোম্পানিটির বকেয়া শেয়ারের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরে নিট মুনাফা হয়েছে ১৮ লাখ ২৬ হাজার টাকা। আগের অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ২১ লাখ ৩৪ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ১৪ শতাংশ।

তবে মুনাফা কমলেও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এ ডিভিডেন্ডের আওতায় থাকবেন শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা; স্পনসর-পরিচালকেরা কোনো ডিভিডেন্ড পাবেন না। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে মোট ১৭ লাখ ৬০ হাজার টাকা ডিভিডেন্ড বিতরণ করা হবে।

এদিকে, ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ২৫ পয়সা হয়েছে।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ১৯ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।

১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বাঙ্গাস লিমিটেড স্থানীয় বাজারে বাঙ্গাস ব্র্যান্ডের আওতায় মিষ্টি ও নোনতা বিস্কুট এবং পাউরুটি উৎপাদন করে। প্রতিষ্ঠানটির পণ্যের মধ্যে রয়েছে গ্র্যান্ড চয়েস, ইভনিং টাচ, লাভলি, ওয়ান্ডার, গ্লুকোজ ও লেক্সাস বিস্কুট।

এদিকে, সর্বশেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাঙ্গাসের শেয়ার ১১৭ টাকা ৪০ পয়সায় লেনদেন শেষ হয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২১ টাকা ১০ পয়সা হলেও বাজারে শেয়ারটির দাম এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে