×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী

২০২৬ অক্টোবর ০৭ ২১:৫৭:৪৬
শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন। গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তাঁর আবেদন মঞ্জুর করে মামলাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।

কফিল উদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর করা মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছিল। যুবলীগের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আদালতের জিআরও শাখায় কর্মরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মামলাটি প্রত্যাহারের আবেদন গত ১৭ সেপ্টেম্বরের ধার্য তারিখে বাদী কফিল উদ্দিন আদালতে দাখিল করেন। পরে ২৯ সেপ্টেম্বর আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে হামলায় আহত হওয়ার অভিযোগে কফিল উদ্দিন মামলাটি করেন। এর আগে ২০২৪ সালের ১৮ নভেম্বর তিনি চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেছিলেন। আদালত আবেদন গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক এমপি মজিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সিএমপির কমিশনার সাইফুল ইসলামসহ মোট ১৮৭ জনকে আসামি করা হয়েছিল।

মামলায় ২৬ জন পুলিশ কর্মকর্তা ছাড়াও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়াসিম উদ্দিন ও মোবারক আলীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীর নাম ছিল।

আদালতের আদেশের ফলে ওই মামলার কার্যক্রম আর এগোচ্ছে না।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে