×
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

২০২৬ অক্টোবর ০৮ ১৪:৫৩:৪৯
বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্পেসএক্সের নির্বাহী স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’

স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইল সেবার মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ এখন অতিরিক্ত সংযোগ সুবিধা পাবেন। বিশেষ করে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজের বাইরে থাকা এলাকাগুলোতে এই প্রযুক্তি যোগাযোগের নতুন সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাতেও স্টারলিংকের প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত সংযোগ সুবিধা পাওয়া যাবে। এর ফলে উপকূলীয় এলাকার বাসিন্দা, প্রত্যন্ত অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার ও ভ্রমণকারীরা প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকলেও যোগাযোগ বজায় রাখতে পারবেন।

স্টারলিংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তির মাধ্যমে দেশে এই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা অবস্থাতেও লাখো গ্রাহক নির্দিষ্ট সুবিধা ব্যবহার করে বার্তা পাঠানো, অবস্থান শেয়ার করা এবং প্রয়োজনীয় যোগাযোগের সুযোগ পাবেন।

সম্প্রতি বাংলালিংক স্টারলিংকচালিত এই সেবা চালু করে। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে বাংলাদেশই প্রথম উদ্যোগ নিয়েছে।

এই প্রযুক্তির অন্যতম লক্ষ্য হলো জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের মতো সময়ে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলেও মানুষের যোগাযোগ ব্যবস্থা সচল রাখা। বিশেষ করে জেলে, সমুদ্রে কর্মরত ব্যক্তি, ভ্রমণকারী এবং প্রত্যন্ত ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা এই সেবা থেকে উপকৃত হতে পারেন।

বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজ না থাকা সত্ত্বেও সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংকের সিম ব্যবহার করে গ্রাহকরা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বার্তা আদান-প্রদান ও লোকেশন-সংক্রান্ত সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।

ফলে দেশের দুর্গম, উপকূলীয় ও সমুদ্রবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থার পরিধি বাড়ানোর পাশাপাশি দুর্যোগ বা নেটওয়ার্ক বিচ্ছিন্নতার সময় বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে স্টারলিংকের এই সেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর

উ
প
রে