×
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক

২০২৬ অক্টোবর ০৮ ১৯:১৭:৫৪
আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় আইনজীবী শিশির মনিরকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খাঁন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি জানান।

রাশেদ খাঁনের ভাষ্য, একদিকে জামায়াত-শিবির আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করছে, অন্যদিকে দলটির আইনজীবী হিসেবে পরিচিত শিশির মনির ওই হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনি লড়াই করেছেন। তার মতে, এ অবস্থান জামায়াতের দ্বিচারিতার প্রকাশ।

তিনি বলেন, আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন রাজপথে কর্মসূচি পালন করেছে। শিবিরও এ বিষয়ে কর্মসূচি দিয়েছে, পাশাপাশি এনসিপিও কর্মসূচি করেছে। অথচ আবরার হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে শিশির মনিরের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে।

রাশেদ খাঁন আরও বলেন, শিশির মনির জামায়াতের আইনজীবী এবং একই সঙ্গে দলটির এমপি প্রার্থীও ছিলেন। তার প্রশ্ন, জামায়াতের আইনজীবী হিসেবে শিশির মনির যখন আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে আইনি লড়াই করেছেন, তখন শিবির কীভাবে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে কর্মসূচি পালন করে?

জুলাইয়ের আন্দোলন প্রসঙ্গেও শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তার দাবি, জুলাইয়ের সময় শিশির মনিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজপথে নামেননি।

রাশেদ খাঁন বলেন, জুলাইয়ের পক্ষে শিশির মনিরের ফেসবুক প্রোফাইলে কোনো পোস্ট ছিল কি না, তা নিয়েও তার সন্দেহ রয়েছে। এমনকি তার ফেসবুক প্রোফাইল পর্যন্ত লাল করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে