×
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৯:২১:৩৫
রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক: চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি সরবরাহে সংকটের প্রভাব পড়েছে পাকিস্তানে। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের ঘাটতির মধ্যে জ্বালানি সাশ্রয় এবং সরকারি ব্যয় কমাতে বেশ কিছু কঠোর কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে সরকারি যানবাহনে জ্বালানি বরাদ্দ অর্ধেক করা, নতুন সরকারি গাড়ি কেনা বন্ধ, কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং বিয়ের অনুষ্ঠানে এক পদের খাবার পরিবেশনের নির্দেশ রয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব কৃচ্ছ্রসাধন নীতি ঘোষণা করা হয়। নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাস সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হবে। তবে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

সরকারি কাজে নতুন গাড়ি কেনার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ছাড়া অন্যান্য স্থায়ী বা ভারী পণ্য কেনাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে কর্মী-সংক্রান্ত নয়—এমন সরকারি ব্যয়ে ৫ শতাংশ কাটছাঁট করা হয়েছে।

সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিদের বিদেশ সফরেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী তিন মাস সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে স্কলারশিপ এবং একান্ত প্রয়োজনীয় সফরের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। জরুরি সফরে মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের বিমানের ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

জ্বালানি ও সরকারি ব্যয় কমাতে কর্মকর্তাদের সম্ভব হলে সরাসরি বৈঠকের পরিবর্তে টেলিকনফারেন্স বা অনলাইন সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে অপ্রয়োজনীয় সেমিনার, প্রশিক্ষণ ও সম্মেলন এড়িয়ে চলতে বলা হয়েছে। বিদেশি প্রতিনিধিদলের জন্য প্রয়োজনীয় নৈশভোজ ছাড়া সরকারি নৈশভোজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কৃচ্ছ্রসাধনের প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। নতুন নিয়ম অনুযায়ী, দেশজুড়ে বিয়ের অনুষ্ঠানসহ এ ধরনের আয়োজনে অতিথিদের জন্য কেবল এক পদের খাবার পরিবেশন করা যাবে। দোকান, বাজার, মুদিদোকান, বিপণিবিতান ও শপিং মল রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ের হল ও অন্যান্য অনুষ্ঠানস্থল রাত ১০টার মধ্যে এবং রেস্তোরাঁ, ক্যাফে ও খাবারের দোকান রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।

তবে ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল ল্যাবরেটরি, জ্বালানি ও সিএনজি স্টেশন, বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন, জিম, ক্রীড়া স্থাপনা, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এবং কল সেন্টার এ সময়সীমার বিধিনিষেধের বাইরে থাকবে।

চলতি বছরে পাকিস্তানে এ ধরনের কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ দ্বিতীয়বার নেওয়া হলো। এর আগে মার্চেও জ্বালানি সংকট মোকাবিলায় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। সে সময় দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখা এবং সরকারি দপ্তরে জ্বালানি ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়। কর্মীদের সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার পরামর্শও দেওয়া হয়েছিল।

চলমান সংকটের পেছনে পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্নকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। আমদানি করা জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল পাকিস্তানে এলএনজি সরবরাহও ব্যাহত হয়েছে। এর প্রভাবে গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি পেট্রোল ও ডিজেলের দামও বেড়েছে।

ডনের তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর পাকিস্তানে পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯০ দশমিক ৭৯ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৪২৪ দশমিক ৯২ রুপিতে দাঁড়িয়েছে। যুদ্ধ শুরুর সময় ২৮ ফেব্রুয়ারি পেট্রোলের দাম ছিল ২৬৬ দশমিক ১৭ রুপি এবং ডিজেলের দাম ২৮০ দশমিক ২৬ রুপি।

জ্বালানির বাড়তি দামের চাপ কমাতে সরকার মোটরসাইকেল, রিকশা ও ছোট গাড়ির মালিকদের জন্য জ্বালানি ভর্তুকির ব্যবস্থাও করেছে। নির্দিষ্ট মাসিক সীমার মধ্যে এসব যানবাহনের জন্য প্রতি লিটারে ১০০ রুপি ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছে সরকার।

এর আগে মার্চে জ্বালানি সংকট মোকাবিলায় নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে ২৩ মার্চের পাকিস্তান দিবসের কুচকাওয়াজও বাতিল করা হয়েছিল। নতুন করে সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি বরাদ্দ কমানো এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানের সময়সীমা নির্ধারণের সিদ্ধান্তে দেশটির চলমান জ্বালানি সংকটের প্রভাব আরও স্পষ্ট হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে