×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৯:০৬:১৩
৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়

নিজস্ব প্রতিবেদক: ভারতের মুম্বাইয়ের ঘাটকোপার এলাকার বিজেপি বিধায়ক পরাগ শাহকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। বিপুল সম্পদ, বিলাসবহুল গাড়ি ও নিরাপত্তাবেষ্টিত জীবনযাপন করা এই বিধায়ক হঠাৎ ভিখারির বেশে রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে খাবার ও সাহায্য চেয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, আধ্যাত্মিক গুরু নম্র মুনির পরামর্শে পরাগ শাহ এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা নেওয়ার সিদ্ধান্ত নেন। তার উদ্দেশ্য ছিল নিজের আরাম-আয়েশের জীবন থেকে বের হয়ে সমাজের প্রান্তিক মানুষের বাস্তব জীবন, কষ্ট ও অভিজ্ঞতাকে কাছ থেকে বোঝা।

এ জন্য নিজের পরিচয় ও নিরাপত্তা গোপন রেখে মেকআপ এবং সাধারণ পোশাকের মাধ্যমে তিনি নিজেকে একজন সাধারণ ভিক্ষুকের মতো উপস্থাপন করেন। কয়েক ঘণ্টা তিনি রাস্তায় সাধারণ মানুষের কাছে সাহায্য চান এবং খাবারও গ্রহণ করেন।

এই অভিজ্ঞতার মাধ্যমে অন্যের কাছে সাহায্য চাওয়ার বাস্তবতা এবং মানুষের সহমর্মিতার ভিন্ন দিক উপলব্ধি করার চেষ্টা করেন তিনি। এমনকি ভিক্ষা করে পাওয়া অর্থের একটি অংশ অন্য এক নারী ভিক্ষুককে দিয়ে দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরাগ শাহের দাবি অনুযায়ী, এটি কোনো রাজনৈতিক প্রচারণার অংশ ছিল না। বরং সম্পদ ও ক্ষমতার বাইরে গিয়ে সাধারণ মানুষের জীবনকে কাছ থেকে বোঝার একটি ব্যক্তিগত ও আধ্যাত্মিক প্রচেষ্টা ছিল। তার এই অভিজ্ঞতা তাকে মানুষের সঙ্গে মানবিক যোগাযোগ এবং সমাজের পিছিয়ে থাকা মানুষের বাস্তবতা নিয়ে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের হলফনামায় পরাগ শাহের ঘোষিত সম্পদের পরিমাণ ৩ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। এত বিপুল সম্পদের মালিক হয়েও ভিখারির ছদ্মবেশে সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

তার এই ব্যতিক্রমী উদ্যোগকে কেউ আধ্যাত্মিক উপলব্ধির চেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে সমাজের প্রান্তিক মানুষের জীবন বোঝার একটি অভিনব পদ্ধতি হিসেবে বিবেচনা করছেন।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে