×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৪:৫১:৪৯
আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আদালতের রায়ে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান ছাড়া বাকি পাঁচ আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় প্রসিকিউশনের অভিযোগ ছিল, আন্দোলন দমনে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সহায়ক বাহিনী হিসেবে হামলায় অংশ নেন। এসব ঘটনায় হত্যাকাণ্ড, নির্যাতন ও অঙ্গহানির মতো গুরুতর অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

গত ১৭ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। শুনানিতে প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করলেও আসামিপক্ষ তাদের খালাস চেয়েছিল।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করতে না পারায় পরে আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয়।

আইনের বিধান অনুযায়ী, আসামিরা আদালতে উপস্থিত না থাকলেও নির্দিষ্ট শর্তে তাদের বিরুদ্ধে বিচারকার্য চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে ৪ আগস্ট প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয় এবং পর্যায়ক্রমে আসামিপক্ষও তাদের বক্তব্য উপস্থাপন করে।

রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা এই মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো। তবে রায়ের পর এর আইনগত পরবর্তী ধাপ ও বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পদক্ষেপই এখন নজরে থাকবে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে