×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৫:৪৫:৩০
ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঘোষিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণে ব্যর্থ হওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলসের চেয়ারম্যান, পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের মোট ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একই সঙ্গে ২০২৪ সালের জুনে সমাপ্ত অর্থবছরের বকেয়া ডিভিডেন্ড বিএসইসির বৃহস্পতিবার জারি করা এনফোর্সমেন্ট আদেশের ৩০ দিনের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিভিডেন্ডের অর্থ বিতরণ এবং এ-সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটির চেয়ারম্যান, তিন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবের ওপর এ জরিমানা আরোপ করা হয়েছে।

বিএসইসির আদেশ অনুযায়ী, আফতাব অটোমোবাইলসের চেয়ারম্যান শফিউল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে ৩০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া পরিচালক খালেদা ইসলাম, সাজেদুল ইসলাম ও ফারহানা ইসলামকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সাহাদাত হোসেন মিয়াকে ১০ লাখ টাকা এবং কোম্পানি সচিব রাহাত মাহমুদকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

বিএসইসি জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর আরোপিত জরিমানার অর্থ তাদের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে বিএসইসির অনুকূলে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে পরিশোধ না করা পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

তবে জরিমানার অর্থ পরিশোধ করলেও বিনিয়োগকারীদের বকেয়া ডিভিডেন্ড বিতরণের দায় থেকে কোম্পানি অব্যাহতি পাবে না বলে স্পষ্ট করেছে বিএসইসি।

বিএসইসির এনফোর্সমেন্ট আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুনে সমাপ্ত অর্থবছরের জন্য আফতাব অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ওই ডিভিডেন্ড অনুমোদন করেন।

সিকিউরিটিজ আইন অনুযায়ী, এজিএমে অনুমোদনের ৩০ দিনের মধ্যে চূড়ান্ত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে ২০২৫ সালের ২৩ জানুয়ারির মধ্যে ওই ডিভিডেন্ড বিতরণ করার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত ডিভিডেন্ড বিতরণ করতে ব্যর্থ হয় আফতাব অটোমোবাইলস। একই সঙ্গে ডিভিডেন্ড বিতরণসংক্রান্ত প্রয়োজনীয় কমপ্লায়েন্স রিপোর্টও বিএসইসির কাছে জমা দেয়নি কোম্পানিটি।

এর পরিপ্রেক্ষিতে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ ২০২৫ সালের ৩ নভেম্বর কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে ১৭ নভেম্বর শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে কোম্পানির প্রতিনিধিরা ডিভিডেন্ড বিতরণে বিলম্বের কারণ ব্যাখ্যা করেন।

কোম্পানির প্রতিনিধিরা জানান, মোট প্রদেয় ডিভিডেন্ডের ৮৪ দশমিক ৩৪ শতাংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকি অর্থ ২০২৫ সালের নভেম্বরের মধ্যে পরিশোধের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে কোম্পানির আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে বাকি ডিভিডেন্ড পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সম্ভব হয়নি বলে তারা জানান।

পরে বকেয়া ডিভিডেন্ড পরিশোধের জন্য ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করে কোম্পানিটি। কিন্তু বর্ধিত সময়ের মধ্যেও বিনিয়োগকারীদের বকেয়া ডিভিডেন্ড বিতরণ করতে পারেনি আফতাব অটোমোবাইলস।

এদিকে কোম্পানিটির আর্থিক অবস্থাও দুর্বল হয়ে পড়েছে। ২০২৪ অর্থবছরে আফতাব অটোমোবাইলস ১৪ কোটি ৮০ লাখ টাকা লোকসান করেছে। পরের অর্থবছর ২০২৫-এ লোকসানের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৪০ লাখ টাকা।

চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটি ১২ কোটি ৫০ লাখ টাকা লোকসান করেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে