×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৭:১৫:৩৬
ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বরে বা ডিসেম্বরের শুরুতে ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। তবে সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত হলেও দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার বিষয়ে ঢাকার আগ্রহ রয়েছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু।

বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নয়। অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে ভারতে যাবেন বলেও জানান তিনি।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সফরের আগে আলোচ্যসূচি বা এজেন্ডা নির্ধারণ করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দিল্লি সফর থেকে কী ধরনের ফলাফল নিয়ে দেশে ফিরতে পারবেন এবং সেগুলো কীভাবে দেশের মানুষের সামনে তুলে ধরা হবে—সেটিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশের এক কূটনৈতিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরে দিল্লি যেতে হতে পারে।এর অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়টি।

১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন নিয়ে চুক্তি হয়। আগামী ডিসেম্বরে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাই এর আগেই চুক্তিটি নবায়নের বিষয়ে আগ্রহী ঢাকা।

বাংলাদেশের ওই কূটনৈতিক সূত্রের দাবি, গত ৩০ বছর ধরে কার্যকর থাকা গঙ্গার পানিবণ্টন চুক্তিকে দুই দেশই সফল হিসেবে বিবেচনা করে। ফলে চুক্তিটি নবায়নের বিষয়ে বাংলাদেশ আশাবাদী।

তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের আগে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের মাধ্যমে সফরের আলোচ্যসূচি চূড়ান্ত করার প্রয়োজন রয়েছে বলে মনে করছে ঢাকা।

গঙ্গার পানি বণ্টনের পাশাপাশি ভিসা পরিষেবা, দ্বিপক্ষীয় বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সফরের আলোচনায় থাকতে পারে।তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ বা আলোচ্যসূচি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। ফলে নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে সফরের বিষয়টি আপাতত সম্ভাবনা হিসেবেই রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে